একজন পিকে, একজন কাতালান ও একজন 'প্রেসিডেন্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার সঙ্গে নতুন চুক্তির পর জেরার্ড পিকে। ছবি: রয়টার্স
বার্সার সঙ্গে নতুন চুক্তির পর জেরার্ড পিকে। ছবি: রয়টার্স

• আজ ৩১তম জন্মদিন পিকের
• শৈশব থেকে বার্সেলোনাতেই বেড়ে ওঠা, ক্যারিয়ারও এখানেই শেষ করবেন পিকে

দলনেতা নন, তবে দলের মালিক বটে। নিজের জমানো অর্থে তিনি দলের মালিক হয়ে উঠেছেন বটে। হোক না ক্ষুদ্র একটা অংশের। বার্সেলোনার জন্য তাঁর সব ভালোবাসা, সে ভালোবাসা থেকে দলে এসেছেন। নিজেকে প্রমাণ করতে হয়েছে বারবার। প্রমাণের জন্য দল ছেড়েছেন, আবার ফিরেছেন। ফিরেই দলে জায়গা নিয়েছেন। দলের যেকোনো ব্যাপারে সব সময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়কের আর্মব্যান্ড হয়তো পরা হয়নি, তবে দলকে সব সময় নিজের ভেতর আত্তীকরণ করে রেখেছেন।

উত্থানটা সহজ ছিল না কখনোই। কখনো বার্সা ছেড়ে দূরে থাকার চিন্তা করেননি। তবুও নিজের জন্য, বার্সার জন্য তাঁকে যেতে হয়েছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে থেকে শাণিত হয়েছেন। ৪৫০তম খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে গোল দিয়েছেন। তবে তাঁর স্বপ্ন পূরণ হলো তখন, যখন বার্সেলোনা তাঁদের খেলোয়াড়কে ফিরিয়ে নিয়ে গেল।

তবে স্বপ্নকে সত্যি পরিণত করতে পারেন কজন? নিজের স্বপ্নকে হাতের মুঠোয় পেয়ে হেলাফেলা করার কোনো ইচ্ছে ছিল না তাঁর। নিজের স্বপ্নকে সত্যি করতে পারলেন সেদিন, যেদিন কাতালান ডার্বিতে নিজের সেরাটা দিলেন। মাথাকে কাজে লাগিয়ে তাঁর গোলটি কজনই বা ভুলতে পারবেন। যেদিন পেপ গার্দিওলা নিজের সর্বশ্রেষ্ঠ ট্যাকটিকসে কাজে লাগালেন লিওনেল মেসিকে, সেদিন রিয়াল মাদ্রিদের কফিনে শেষ পেরেক ঠুকেছিলেন এই জেরার্ড পিকে। নিজেকে বরাবরই ছাড়াতে চেয়েছিলেন তিনি। কখনোই নিজেকে আটকে রাখতে চাননি। সেরার লড়াইয়ে সব সময়ে নিজেকে রাখতে চেয়েছেন সর্বসেরা।

ক্যাম্প ন্যুতেই আবার ঘটা করে আয়জন করা হয়েছিল পিকের চুক্তি নবায়ন। ছবি: রয়টার্স
ক্যাম্প ন্যুতেই আবার ঘটা করে আয়জন করা হয়েছিল পিকের চুক্তি নবায়ন। ছবি: রয়টার্স

বার্সেলোনার যখন সেরা সময়, যখন সুযোগ নিজেদের নাম ইতিহাসে লেখানোর, তখনই ০-১ গোলে পিছিয়ে ছিল বার্সা। তখনই সেরাটা ঢেলে দিলেন পিকে। পেদ্রোকে করা অসাধারণ এসিস্ট তাঁদের হেক্সার আশা বাঁচিয়ে রাখে। আর তারপরই সে রেকর্ড। একমাত্র দল হিসেবে বছরে ছয়টি ট্রফি জয় করার ইতিহাস এখনো একটি দলের। পিকে না থাকলে এই রেকর্ড আর করা হতো না তাদের।

নিজে সব সময় ছিলেন কাতালোনিয়ার পক্ষে। কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ হয়েছে স্পেনে। সে জার্সিরও অসম্মান করেননি। স্পেনের হয়ে ইউরো ও বিশ্বকাপ জিতেছেন। কার্লোস পুয়েল, জেরার্ড পিকে, সার্জিও রামোস আর ক্যাপডেভিয়ার ডিফেন্স লাইন মাত্র এক গোল নিজেদের জালে প্রবেশ করতে দিয়েছিলেন।

দলের আশা আর ভরসার প্রতীক হিসেবে বিদায় নিয়েছেন পুয়েল, এরিক আবিদাল। তখন তাঁর হাতেই এক অদৃশ্য অধিনায়কের আর্মব্যান্ড এসে পড়ল। সঙ্গ পেয়েছেন দানি আলভেস আর মাচেরানোকে। সেই আশাও এখন হারিয়ে গেছে। তাঁর সঙ্গে এখন আর গলায়-গলায় মেলানো কেউ নেই বললেই চলে। মেসি-ইনিয়েস্তা বাদে তাঁর সঙ্গে খেলা শুরু করা আর কেউই নেই।

যথাযথ সম্মান পেয়েছেন কি না, প্রশ্নটা তাঁর দিকে গেলে উত্তর না-ও মিলতে পারে। ভক্তরা জানেন, তাঁকে সম্মানটি দেওয়া হয়নি। মাঠের বাইরে খেলার একটা যুদ্ধ আছে। সেই যুদ্ধে যখন অপর পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের হয়ে আরবেলোয়া কিংবা গুতি সমানে লড়ে গিয়েছেন। তখন তিনি একাই প্রতিবাদ করেছেন। নিজের চেতনাকে ভোলেননি। নিজের চেতনা ছিল স্পেনের গণ্ডি থেকে বের হয়ে কাতালোনিয়াকে একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। সে জন্য স্পেনের হয়ে মাঠে নামার সময় দুয়োও কম শুনতে হয়নি। সার্জিও রামোসকেও তাঁর হয়ে লড়তে হয়েছে।

বার্সাকে অন্তরে রেখেছেন জন্মের পর থেকেই, পারিবারিকভাবেই। তবে বার্সার সমর্থকেরা নিজেদের দলের ভবিষ্যৎ হিসেবে পিকেকে দেখতেই পারেন। ২০২২ সাল পর্যন্ত না। ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে নিজেকে তৈরি করতে হবে, এ লক্ষ্যেই নিজের ৩১তম জন্মদিনে একটা প্রতিজ্ঞা করে ফেলতে পারেন পিকে।

শুভ জন্মদিন পিকে!