একটা গোলেই বদলে গেল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো দেশ অস্থির। হবে না-ই বা কেন। দুটি ম্যাচ হয়ে গেল। তা-ও দক্ষিণ আফ্রিকা আর ইরাকের মতো প্রতিপক্ষ। ব্রাজিলের কেউ জালই খুঁজে পেল না। দলও খাদের কিনারায়। ড্র হলেও বাদ পড়তে হতে পারে এমন এক খড়্গ যখন ঝুলছে, সেই সময়ই জ্বলে উঠল ব্রাজিল। একটা মুহূর্তই বদলে দিল পুরো দলকে। ‘গাবিগোলের’ একটা গোল, জালমুখ খুলে দেওয়া সেই গোলের পরে আরও তিনখানা। ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে শুধু সব অনিশ্চয়তাই দূর করল না, ব্রাজিলের ঘুম ভাঙল একেবারে ঠিক সময়ে।

দীর্ঘ ঘুমের পর ক্ষুধার্ত বাঘের মতোই ছিল গত ম্যাচের ব্রাজিল। চার গোলে সেই ক্ষুধার নিবৃত্তি নিশ্চয়ই হয়নি। আগামীকাল যে আরও কঠিন পরীক্ষা। বাংলাদেশ সময় সকাল সাতটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কলম্বিয়া? নামটা শুনেই নেইমারের মনে তুষের আগুন জ্বলে ওঠার কথা। ২০১০ বিশ্বকাপ কিংবা পরের বছর কোপা আমেরিকায় নেইমারকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল তো এই কলম্বিয়াই! কে জানে, এখন পর্যন্ত টুর্নামেন্টে গোল না পাওয়া নেইমার সব কালকের জন্য জমিয়ে রেখেছেন কি না!

নেইমার নিজে এখনো বয়সে তরুণই। যদিও এখন দলের সিনিয়রের ভূমিকাই নিতে হচ্ছে। গাবিগোল আর গ্যাব্রিয়েল জেসুসকে পেছন থেকে তিনিই খেলা বানিয়ে দিচ্ছেন। গাবিগোল নামে এরই মধ্যে খ্যাতি পাওয়া বারবোসা জোড়া গোল করেছেন। জেসুস একটি। অন্য গোলটি লুয়ানের। গোল পাওয়া এই ত্রয়ীর সঙ্গে নেইমারের সেতুবন্ধ বানিয়ে দিচ্ছেন রেনাতো অগুস্তো। সবাই ঠিক সময়ে জ্বলে উঠেছেন। দুশ্চিন্তার সব ধুলো যেন এক ম্যাচই ঝেড়ে ফেলেছে ব্রাজিল। ৪-২-৪ ছকে খেলার দুঃসাহস কোচ রোজেরিও মিকালে আগামীকালও দেখাবেন কি না, সেটাই এখন দেখার। ইএসপিএন।