একটা গোলের জন্য ফিফার ঘুষ!
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার পুনর্গঠনের কাজ শুরু করেছেন। পেলে মিনতি করেছেন অন্তত খেলাটাকে যেন রেহাই দেওয়া হয়। কিন্তু দুর্নীতির লেলিহান শিখা যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে খেলাটা আর বাইরে থাকতে পারছে কই? ২০১০ বিশ্বকাপ বাছাইয়ের ফ্রান্স-আয়ারল্যান্ডের ম্যাচ নিয়েও এখন প্রশ্ন উঠে গেছে। খোদ ফিফা স্বীকার করেছে, ওই ম্যাচের বিতর্ক ধামাচাপা দিতে তারা ৫০ লাখ ডলার দিয়েছিল আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএআই)।
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের ওই ম্যাচ নিয়ে তখন কম তোলপাড় হয়নি। প্যারিসের দ্বিতীয় লেগে ফ্রান্স ১-১ গোলে ড্র করে গিয়েছিল বিশ্বকাপে (দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধান)। কিন্তু উইলিয়াম গ্যালাসের অতিরিক্ত সময়ের মহামূল্যবান গোলটা এসেছিল থিয়েরি অঁরির হাতে লেগে। রিপ্লেতেও দেখা গেছে, অঁরি জেনেশুনেই বলটা হাতে লাগিয়েছিলেন। ‘প্রতারক’ তকমা জুটে গিয়েছিল ফ্রেঞ্চ স্ট্রাইকারের।
ওই ম্যাচের পর আয়ারল্যান্ড দাবি করেছিল, তাদের ৩৩তম দল হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ দিতে হবে। নইলে ম্যাচটা আবার আয়োজন করতে হবে। ফিফা কোনোটিই করেনি। পরে অঁরি নিজেই স্বীকার করেছেন, ওই ম্যাচটা আবার খেলাটা আয়ারল্যান্ডের প্রাপ্য। কিন্তু আয়ারল্যান্ড ব্যাপারটি নিয়ে বেশি দিন সরব থাকেনি। ফিফার বিরুদ্ধে কোনো মামলাও করেনি।
সেই কারণটা জানা গেল এখন। এফএআই প্রধান নির্বাহী জন ডেলাইনি আরটিই রেডিও ওয়ানের কাছে স্বীকার করেছেন, ‘আমাদের মনে হয়েছিল থিয়েরি অঁরির হ্যান্ডবল নিয়ে ফিফার বিরুদ্ধে মামলা করা উচিত ছিল। আমরা একটা নীতিগত সিদ্ধান্তে এসেছিলাম। বৃহস্পতিবার একটা ঐকমত্যে এসেছিলাম, পরের সোমবার চুক্তি সই হয়ে গেল। আইনি ব্যাপারটা চালিয়ে না যাওয়ার জন্য আমাদের টাকা দেওয়া হয়েছিল। এটা ছিল আমাদের জন্য খুবই ভালো একটা চুক্তি। আমাদের বলা হয়েছিল, পুরো ব্যাপারটা যেন পুরোপুরি গোপন থাকে। এখানে কারা কারা জড়িত ছিল তাদের নাম বলতে চাই না।’
ডেলাইনি ‘ঘুষের’ অঙ্কটা নির্দিষ্ট করে বলেননি। পরে ফিফাই এক বিবৃতিতে জানিয়ে দেয়, ‘রেফারির সিদ্ধান্তই যখন চূড়ান্ত, আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকেও ওটাই মেনে নিতে হবে। ২০১০ জানুয়ারিতে ফিফা এফএআইয়ের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছেছিল, যাতে ফিফার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না আসে। ফিফা একটা স্টেডিয়ামের জন্য ৫০ লাখ ডলার ধার দিয়েছিল আয়ারল্যান্ডকে। কথা ছিল ২০১৪ সালে বিশ্বকাপ খেলতে পারলে আয়ারল্যান্ড সেটা শোধ করে দেবে। আয়ারল্যান্ড সেটা পারেনি, তাই এফএআইয়ের আর্থিক নীতি অনুযায়ী ফিফা ৩১ ডিসেম্বর, ২০১৪-এর মধ্যে এই ঋণ শেষ করে দিয়েছে।’
ওই ম্যাচের ১১ দিন পর দক্ষিণ আফ্রিকার সকারেক্স সম্মেলনে ব্ল্যাটারের সঙ্গে দেখা হয় ডেলাইনির। ব্ল্যাটার নাকি ঠাট্টা-তামাশা করে পুরো ব্যাপারটা উড়িয়ে দিতে চেয়েছিলেন। এরপর দুজনের মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল। পরে অবশ্য ফিফার সঙ্গে সমঝোতায় আসে আয়ারল্যান্ড। এএফপি।