একটা জিম হলো না আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরুর প্রথম দিন। সামনে কী লক্ষ্য, নতুন কোচ কেমন করতে পারেন ইত্যাদি প্রসঙ্গে খেলোয়াড়দের মুখে নানা কথা। ডিফেন্ডার নাসিরউদ্দিন এক ফাঁকে হাসতে হাসতে বললেন, ‘ভালো তো আমরা করতে চাই। কিন্তু দেখুন, আমাদের একটা জিম নেই। একটু আগে জিম করে এলাম নিজের টাকায়।’
ফুটবলাররা নিজের খরচে জিম করতেই পারেন। তাই বলে জাতীয় দলের ক্যাম্পে এসেও! বাস্তবতা হলো, ফেডারেশনে জিম নেই, বড় বড় ক্লাবে আজও জিম নেই! কোটি কোটি টাকা খরচ করে বড় দলগুলো, অথচ অত্যাবশ্যকীয় সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে তারা চরম উদাসীনই রয়ে গেছে।
ক্লাব চলছে গড্ডলিকাপ্রবাহে, বাফুফেও একই পথের যাত্রী। বাফুফের একটা নিজস্ব জিম থাকবে না কেন? এই প্রশ্ন খুবই যুক্তিযুক্ত। অথচ বাফুফে ভবনের নিচে থাকা দুটি স্টোররুমের একটি নাকি করা হয়েছিল জিমের জন্যই। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল কাল সেই তথ্যই দিলেন, ‘আমরা তো ভবনের নিচতলায় জিমের জায়গা রেখেছিলাম। কিন্তু জিম কেন হয়নি সেটা পরের কমিটিগুলোই ভালো বলতে পারবে।’ জিমের বদলে ওই দুটি স্টোরই এখন ‘গুদামঘর’, যেখানে আছে বল, লোহা-লক্কড়সহ নানা অপ্রয়োজনীয় জিনিস!
শুধু জিম নয়, জাতীয় দলের কাছে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা কি দিতে পেরেছে বাফুফে? কাল বিকেলে অনুশীলন শেষে এই প্রশ্নে হতাশা ছুঁয়ে গেল অধিনায়ক মামুনুল ইসলামকে, ‘জাতীয় দলের কাছে সবাই রেজাল্ট চায়, কিন্তু আমরা কী পাচ্ছি, সেটাও ভাবার বিষয়। আমাদের একটা জিম নেই, এটা মানতে কষ্ট হয়।’
জাতীয় দলের সুযোগ-সুবিধাবিষয়ক আলোচনায় খেলোয়াড়েরা দীর্ঘশ্বাসই ফেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বললেন, ‘আমরা আসলে কিছুই পাই না।’ আরেকজনের ক্ষোভ, ‘এক জোড়া ভালো বুট কিনতে ২৫-৩০ হাজার টাকাও লেগে যায়। এবার মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড়েরা হাতখরচ পেয়েছে মাত্র ১০০ ডলার।’
এমনিতে ক্যাম্পে থাকলে খেলোয়াড়েরা সামান্য কিছু হাতখরচ পান। অঙ্কটা আগের মতো এখনো মাসে ১০ হাজার টাকা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক বলছিলেন, ‘আমাদের সময়ে মাসে ১০ হাজার টাকার সঙ্গে বিদেশে গেলে দৈনিক ১০ ডলার, খেলার সরঞ্জাম...এসবই দেওয়া হতো। কোচ চাইলে হয়তো জিম করাতেন, সেটাও ভাড়ায়।’
অস্ট্রেলিয়া ম্যাচের আগে পল্টনে একটি হোটেলে রাখা হয়েছিল জাতীয় দলকে। জিম, সুইমিংসহ সব সুযোগ-সুবিধা ওখানে পাওয়া গেছে। কিন্তু আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় কিরগিজস্তান ম্যাচের আগে আপাতত আবাসিক ক্যাম্প চলছে বাফুফে ভবনে। যেখানে স্বাভাবিকভাবেই হোটেলের সুযোগ-সুবিধা নেই।
সাম্প্রতিক বছরে খেলোয়াড়দের জন্য চালু করা বিমাও বন্ধ হয়ে গেছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের চোখে আর্থিক সংকটই কারণ। তবে তাঁর দাবি, বর্তমানে উন্নতমানের জার্সিসহ আগের চেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’ জিম প্রসঙ্গে বলছেন, ‘ব্যক্তিগতভাবে কেউ নিজের খরচে জিম করতেই পারে। তবে অস্ট্রেলিয়া ম্যাচের আগে যে হোটেলে ছিল দল, সেখানে গিয়ে এখন জিম ও সুইমিং সুবিধা নিতে পারবেন খেলোয়াড়েরা। সেই ব্যবস্থা আমরা করে রেখেছি।’ বাফুফে ভবনের ডরমিটরিকে আধুনিক করে তোলা, আবার বিমা চালু এবং আর্থিক সংকট কাটলে জিম করারও প্রতিশ্রুতি দিলেন সাধারণ সম্পাদক।
বাফুফের আর্থিক সংকটের মধ্যে কোনো কাজই থেমে নেই। থেমে আছে শুধু জাতীয় দলের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রক্রিয়াটা।