একটা দল হয়ে ওঠার অপেক্ষা
গোলরক্ষক সোহেলের মনটা খারাপ। দলে সুযোগ পাননি। বাংলাদেশ দলে গোলরক্ষকের জায়গাটা যেন ‘মিউজিক্যাল চেয়ার’। সর্বশেষ ছয়টি আন্তর্জাতিক ম্যাচে ঘুরেফিরে লিটন, হিমেল বা সোহেল খেলেছেন। কদিন আগে প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন হিমেল, আফগানিস্তানের বিপক্ষে লিটন। এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপের চার ম্যাচের প্রথম দুটিতে খেলেছেন লিটন, শেষ দুটিতে সোহেল।
অন্যান্য পজিশনের চেয়ে গোলরক্ষকের জায়গাটাই বেশি নড়বড়ে দলে। শেষ মিনিটের গোলে বেশ কয়েকবার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। যেভাবে গোলগুলো হয়েছে তাতে গোলরক্ষকেরা দায় এড়াতে পারেন না।
শুধু গোলরক্ষককে দায় দিয়েই বা কী হবে? কোচ লোডভিক ডি ক্রুইফ গত দুই বছরে সঠিক একাদশটাই পাননি। কিরগিজস্তানের সঙ্গে খেলার আগে গতকাল সংবাদ সম্মেলনে কোচ ২৩ জনের দলের ফিটনেস নিয়ে বললেন প্রায় পুরোনো কথাটাই। সিঙ্গাপুর ও আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচের পর কোচ বলেছিলেন, ‘এই স্কোয়াডে ১১ জনের ৯০ মিনিট খেলার মতো ফিটনেস আছে।’ কাল সেটা বেড়ে দাঁড়াল ‘১২-১৪ জনে’!
দলের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গাটা মাঝমাঠ। এখানে মামুনুল এবং জামাল ভুঁইয়ার নির্বাচন প্রশ্নাতীত। হেমন্ত ও সোহেল রানা দ্রুতই অপরিহার্য হয়ে উঠছেন। রক্ষণে রায়হান, নাসিরউদ্দিন, ইয়াসিন এবং ইয়ামিনও নিয়মিত। সমস্যা আক্রমণভাগে। একটা কারণ গ্যাস্ট্রিক আলসারে ভুগতে থাকা উইঙ্গার জাহিদের অনুপস্থিতি। একাদশের কেউ হঠাৎ চোট পেলে বা অসুস্থ হলে বিপদে পড়ে যান কোচ। রিজার্ভ বেঞ্চটা এখনো শক্তিশালী নয়!
ক্রুইফও মানছেন এটি, ‘এটা ভাবনার বিষয়ই! আমাদের হাতে মাত্র ১২-১৪ জন ফুটবলার আছে, যারা এই পর্যায়ে ৯০ মিনিট খেলতে পারে। লম্বা দৌড়ের জন্য সংখ্যাটা যথেষ্ট না। মূল সমস্যা, ভালো বিকল্প নেই।’ তবে তিনি আশাবাদী, ‘দুই বছর আগের তুলনায় ছেলেরা উন্নতি করেছে এবং ভালো করছে।’ ‘বেশ কিছু তরুণ ফুটবলারের দিকে’ চোখ আছে ক্রুইফের। যদিও তারা ক্লাব দলে নিয়মিত নন।
কবে যে এঁরা নিয়মিত হবেন, কবে যে পুরো শক্তির বাংলাদেশ দাপিয়ে খেলবে ৯০ মিনিট!