ফুটবল ছাড়ছেন ব্র্যাড ফ্রিডেল। টটেনহামের মার্কিন গোলরক্ষক এই মৌসুম শেষেই তুলে রাখবেন গ্লাভস জোড়া। আগামী সোমবার ৪৪-এ পা দিতে যাওয়া ফ্রিডেল পেছনে রেখে যাচ্ছেন অসংখ্য রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার ফ্রিডেলই। ২০০৪-০৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সে যোগ দেওয়ার পর থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত লিগে টানা ৩১০ ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগে টানা ম্যাচ খেলার রেকর্ডে ঠিক ১০০ ম্যাচে এগিয়ে ফ্রিডেল। টানা ২১০ ম্যাচ খেলে তাঁরই জাতীয় দল সতীর্থ গোলরক্ষক টিম হাওয়ার্ড আছেন দুইয়ে। প্রিমিয়ার লিগে মোট ৪৫০ ম্যাচ খেলেছেন ফ্রিডেল, তাঁকে হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড। এবারের লিগে টটেনহামের শেষ দুই ম্যাচের একটিতে মাঠে নামার সুযোগ পেলেই প্রিমিয়ার লিগের সবচেয়ে বয়সী খেলোয়াড় হয়ে যাবেন।