একটি আত্মঘাতী ‘নাটমেগ’–এর গল্প

বারিধারার দ্বিতীয় গোলের পর সুমন রেজার উল্লাসছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের হাইলাইটসে নিজেদের কাণ্ড দেখে হাসাহাসি করতে পারেন ব্রাদার্সের গোলরক্ষক মহিউদ্দিন রানু ও ডিফেন্ডার প্রকাশ দাস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ কী শিশুসুলভ ভুলই না করেছেন তাঁরা! বিশেষ করে লেফটব্যাক প্রকাশ তাঁর নাটমেগের জন্য পুড়তে পারেন অনুশোচনায়ও।

নিজেদের অর্ধে মহিউদ্দিন পাস দিয়েছিলেন প্রকাশকে। ফিরতি পাসের আশায় তিনি পোস্ট ছেড়ে দাঁড়ান বক্সে শেষ প্রান্তের কাছাকাছি।

ওদিকে স্বাভাবিকভাবেই প্রকাশের কাছ থেকে বল কেড়ে নিতে দৌড়ে যান প্রতিপক্ষ উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। নিজেদের রক্ষণ অঞ্চলে চাপে পড়ে বল ‘ক্লিয়ার’ করতে পারতেন প্রকাশ । কিন্তু তা না করে সুমনের দুই পায়ের মাঝ দিয়ে বল বের করে দক্ষতা দেখাতে যান তিনি।

প্রকাশ এই দক্ষতা দেখাতে সফলও হয়েছেন। কিন্তু বল তাঁর নাগালের মধ্যে ছিল না, প্রতিপক্ষ উজবেকিস্তানের মিডফিল্ডার ইভেনিভ কসনেভ বলের দখল নেন। ব্রাদার্স গোলরক্ষককে পোস্টে না দেখে বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শেই বল জালে জড়িয়ে দেন ইভেনিভ কসনেভ।

প্রকাশের নাটমেগ–কাণ্ডের পর আরও দুটি গোল হজম করেছে ব্রাদার্স। এতে উত্তর বারিধারার কাছে ৩–০ গোলে হেরে ফেডারেশন কাপ শেষ করল ক্লাবটি। এবার ফেডারেশন কাপটা ঐতিহ্যবাহী ব্রাদার্সের জন্য দুঃস্বপ্নের মতো।

বারিধারার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ব্রাদার্স
ছবি: প্রথম আলো

তিন ম্যাচে হারের সঙ্গে মোট গোল হজম করেছে ১১টি। আগের ম্যাচে তো সাইফ স্পোর্টিংয়ের কাছে রীতিমতো ৬–১ গোলে উড়ে গিয়েছিল।

দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেয় ব্রাদার্স। আজ ছিল তাদের নিয়ম রক্ষার ম্যাচ। ফয়সাল মাহমুদ, স্যামসন ইলিয়াসুদের শরীরী ভাষা দেখে মনে হয়েছে তাঁরা যেন শুধু মাঠে নামার জন্যই নেমেছেন। হার–জিত বড় কথা নয়।

চ্যাম্পিয়নশিপ লিগ থেকে রানার্সআপ হয়ে প্রিমিয়ারে উত্তীর্ণ হওয়া বারিধারা জয় পেয়েছে হেসেখেলে।

ইভেনিভের প্রথম গোলের পর ২৬ মিনিটে ব্যবধান ২–০ করেছেন সুমন রেজা। মাহমুদ মোহাম্মদ আবদেলের রক্ষণচেরা পাস বক্সের মধ্যে ডান পায়ে নিয়ন্ত্রণ নেন।

ঠান্ডা মাথায় দেখে–শুনে বাঁ পায়ের প্লেসিংয়ে জালে জড়িয়েছেন সুমন। বক্সের মধ্যে তাঁকে বাধা দেওয়ার মতো ব্রাদার্সের কাউকে দেখা যায়নি। টুর্নামেন্টে জাতীয় দলের স্ট্রাইকারের এটি দ্বিতীয় গোল।

বারিধারার গোলগুলো দেখে মনে হয়েছে তাদের বাধা দেওয়ার কেউ নেই
ছবি: প্রথম আলো

বারিধারার মিসরীয় ডিফেন্ডার মাহমুদ সায়েদ মোহামেদ আবদেলও ৫৯ মিনিটে ৩–০ করলেন খুব সহজে। সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বুকে বল নামিয়ে জোরালো শটে গোলটি করেছেন আবদেল।

বারিধারার গোলগুলো দেখে মনে হচ্ছিল তাদের বাধা দেওয়ার মতো প্রতিপক্ষ কোনো খেলোয়াড় নেই।

তবে বড় জয় পেলেও চার দলের ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি বারিধারার। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।

গ্রুপ পর্বে বাদ পড়াকে লিগের জন্য আগাম সতর্কতা হিসেবে নিয়েছে ব্রাদার্সের ম্যানেজার আমের খান, ‘এটা আমাদের জন্য সতর্কসংকেত। আমরা বুঝতে পেরেছি লিগে খেলতে হলে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিয়েই আসতে হবে। বলতে পারেন ফেডারেশন কাপ খেলে এটাই আমাদের অর্জন।’

আজই প্রধান কোচ হিসেবে আবদুল কাইয়ুম সেন্টু ব্রাদার্সে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। ১৩ জানুয়ারি শুরু হবে প্রিমিয়ার লিগ।