একটি গোল থেকেই এত কিছু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েনডেল লিরা
ওয়েনডেল লিরা

এক সকালে ব্রাজিলের গইয়ানিয়া শহরের রাস্তায় হাঁটছিলেন ওয়েনডেল লিরা। ঘ্যাচ করে একটা গাড়ি ব্রেক কষল তাঁর সামনে। লিরা একটু ভয়ই পেয়ে গেলেন, সঙ্গে যা আছে সবই বোধ হয় ছিনিয়ে নেবে ছিনতাইকারীরা! কিন্তু চালকটি গাড়ি নেমে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলেন। লিরা অবাক, ভক্তের সঙ্গে ফ্রেমবন্দী হওয়ার মতো তারকা ফুটবলার তো তিনি নন! লোকটার অনুরোধ লিরাকে মনে করিয়ে দিল, আট মাস আগে বাইসাইকেল কিকে করা দুর্দান্ত গোলটি তাঁর জীবন কতটা বদলে দিয়েছে।
ওই গোলটি আসলেই ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ানের জীবন বদলে দিয়েছে। ব্রাজিলের তৃতীয় বিভাগের দল গইয়ানেসিয়ার একজন ফুটবলারকে কজনই বা চেনে? এ রকম হাজার হাজার ফুটবলার ব্রাজিলেই আছে। আঞ্চলিক লিগগুলো চললেই তাদের রোজগার হয়, নইলে বসে থাকতে হয় বেকার। মাসিক আয় ১ হাজার ৩০০ ডলারের মতো, লিগ না চললে তাই অন্য কোনো কাজই ভরসা। অথচ এই লিরাই আগামী ১১ জানুয়ারি মঞ্চে উঠবেন লিওনেল মেসির সঙ্গে। কে জানে, মেসির মুখ থেকে হাসিটাও কেড়ে নিতে পারেন! ফিফার বর্ষসেরা গোলের পুসকাস পুরস্কারে রোমার ফ্লোরেঞ্জির সঙ্গে মেসিই তো লিরার প্রতিদ্বন্দ্বী।
পুরস্কারের সেরা তিনে থাকার খবরটা পেয়ে লিরা ভেবেছিলেন, কেউ বোধ হয় তাঁর সঙ্গে মজা করছে, ‘আমি তো প্রথমে খবরটা বিশ্বাসই করতে পারিনি। এরপর আমার স্ত্রী ফোন করে কেঁদে ফেলল। আমিও কান্না ধরে রাখতে পারলাম না। খুবই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম।’ ইউরোপে খেলা দূরে থাক, কখনো যাওয়ারই সৌভাগ্য হয়নি। অথচ রোনালদো, ইব্রা, নেইমার যে পুরস্কার জিতেছেন, জুরিখে গিয়ে সেটা হাতে নেওয়ার সুযোগ এখন লিরার সামনে।
আট মাস আগে যখন গোলটা করেছিলেন, বৃষ্টিতে কাকভেজা গ্যালারিতে দর্শক ছিল মাত্র ৩৪২ জন। সেই গোলটি কীভাবে যেন ছড়িয়ে পড়ল ইউটিউবে, সেটি পরে সেরা দশ গোলেরই একটি হয়ে গেল এবং পাঠকদের ভোটে পরে সেরা তিনেই জায়গা করে নিল।
সবই ঠিক আছে, কিন্তু ফুটবলে ভাগ্য গড়তে এসে কতটা কী পেয়েছেন? ওই গোলের পর বেশ কিছুদিন ক্লাবহীন থাকতে হয়েছিল। কিন্তু সংবাদপত্রে শিরোনাম হওয়ার পর এরই মধ্যে দ্বিতীয় বিভাগের ক্লাব ভিলা নোভা তাঁকে দলে নিয়েছে। লিরা জানাচ্ছেন, ‘আমার জীবনটাই এখন বদলে গেছে। মানুষ এখন আমার সঙ্গে ছবি তুলতে চায়, অটোগ্রাফ চায়। নতুন প্রস্তাব আসছে আমার কাছে। ঈশ্বরকে ধন্যবাদ, এরই মধ্যে ভালো একটা কাজ পেয়ে গেছি। দুর্দান্ত!’
আপাতত অবশ্য ব্যালন ডি’অরের অনুষ্ঠানে যাওয়ার জন্য তর সইছে না। এরই মধ্যে কিছু ‘পরিকল্পনাও’ করে ফেলেছেন, ‘আমি সবার আগে নেইমারের সঙ্গে দেখা করতে চাই, সে হলো ব্রাজিলিয়ান আইডল। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা হওয়ারও অপেক্ষায় আছি। ওর খেলা আমার দারুণ লাগে!’ আর জুরিখে গিয়ে খালি হাতে ফিরতে চান না, মূল প্রতিদ্বন্দ্বী যতই মেসির মতো কেউ হোন না কেন, ‘মেসি একজন জিনিয়াস, পুরস্কারের জন্য সে-ই ফেবারিট। তবে ওর কাজটা আমি কঠিন করে তুলতে চাই।’
সেই ‘কঠিন’ কাজটা করতে পারলে সেটা হবে রূপকথার চেয়েও একটু বেশি! এএফপি।