একটি গোলেই নতুন আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চুপ!’ আমরা গোল করতে জানি! আমরা প্রতিশ্রুতি রাখতে জানি। হেমন্ত (বাঁয়ে) ও মামুনুলের অঙ্গুলি নির্দেশের অর্থ এমনটা হতেও পারে। তবে সত্যটা হলো, হেমন্তের গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে উঠে গেল কাল বাংলাদেশ l প্রথম আলো
‘চুপ!’ আমরা গোল করতে জানি! আমরা প্রতিশ্রুতি রাখতে জানি। হেমন্ত (বাঁয়ে) ও মামুনুলের অঙ্গুলি নির্দেশের অর্থ এমনটা হতেও পারে। তবে সত্যটা হলো, হেমন্তের গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে উঠে গেল কাল বাংলাদেশ l প্রথম আলো

হেমন্তে হেমন্তর ঝলক। কথাটা দারুণ মিলে যেত হেমন্তকালে। কিন্তু এখন শীতকাল। তবু হেমন্ত আর হেমন্ত ঋতুর তুলনাটা চলেই আসছে। এই সন্ধ্যা যে হেমন্তময়।
দিনাজপুরের এই তরুণ ফুটবলের পাঠ নিয়েছেন বিকেএসপিতে। লোডভিক ডি ক্রুইফের আবিষ্কার বলা যেতে পারে তাঁকে। সবাইকে চমকে ডাচ কোচ তাঁকে হঠাৎ হল্যান্ডে পাঠালেন ট্রায়াল দিতে। গায়ে তুলে দিলেন বাংলাদেশ দলের ১০ নম্বর জার্সি। ক্রুইফবিহীন অবস্থায় মাঝে ১০ নম্বরটা ফিরে পান এমিলি। ক্রুইফ এসে আবার তা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে কেন দিয়েছেন উত্তরটা কাল মিলল বড় পরীক্ষার দিনে।
শ্রীলঙ্কার পোস্টে বাংলাদেশের নেওয়া গোটা পনেরো শটের অন্তত ১০টিই হেমন্তর। বল কেড়ে নেওয়ার ক্ষমতা, দ্রুত ঢোকা, গতিময় শট...১০ নম্বর জার্সির মান রেখে হেমন্ত সত্যিই এদিন আলাদা, ম্যাচসেরাও। ম্যাচের একমাত্র গোলটা করে দেশের মানই তো বাঁচালেন।
শুধুই একটি গোল নয়, কাজী সালাউদ্দিনকে দেওয়া ফুটবলারদের প্রতিশ্রুতি পূরণের অমূল্য উপহারই বটে। বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে ওঠার গোলও তো এটি।
শ্রীলঙ্কার অ্যাটাকিং থার্ডে বেশ কটা পাস এদিন খেলতে পারছিলেন সোহেল, জাহিদ, হেমন্তরা। সেটিরই ফল জয়সূচক গোল, অনেক দিন পর সম্মিলিত আক্রমণ থেকে এমন সুন্দর একটি গোল প্রাণ ভরাল সবার।
৪০ মিনিটে জাহিদের ক্রস বুক দিয়ে নামিয়ে দিলেন এমিলি, বক্সের সামান্য বাইরে থেকে হেমন্তর কোনাকুনি বিদ্যুৎগতির শট শ্রীলঙ্কার জালে (১-০)। হাজার বিশেক দর্শকের বঙ্গবন্ধু স্টেডিয়াম তখনই পেল যেন সত্যিকারের প্রাণের ছোঁয়া।
তবে ৬৬ মিনিটে স্টেডিয়াম আবার স্তব্ধ হয়ে পড়েছিল। গোলরক্ষক সোহেল গোললাইন থেকে বেরিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফেলে দেন তখন বক্সে। পেনাল্টি পায় শ্রীলঙ্কা। তবে রোশানের পেনাল্টি ঠেকিয়ে খলনায়কের কালিমাটা মুহূর্তেই মুছে ফেলে পার্শ্বনায়ক সোহেল। ফিরতি হেড থেকেও গোল হতে পারত। সোহেল সেটিও হতে দেননি।
একাদশে সোহেলকে সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া ম্যাচে লিটনের নড়বড়ে কিপিং। রক্ষণে মিশুর জায়গায় এসেছেন যেমন নাসির। দুটি পরিবর্তনই বেশ কার্যকর হয়েছে। উপরন্তু ড্র হলেও সেমিফাইনাল যেখানে নিশ্চিত, বাংলাদেশ ঝলসে ওঠে ইতিবাচক খেলল শুরু থেকে শেষ পর্যন্ত।
তবে মানসিক অস্থিরতা তাড়া করায় একাধিক গোল করা যায়নি। এক গোলের ভরসা নেই, বাংলাদেশ দল প্রথমার্ধেই
২-০ করে ফেলতে পারলে হয়তো দ্বিতীয়ার্ধে চাপমুক্ত থেকে খেলাটা আরও সহজ হয়ে যায়। সেটি না হলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ দল প্রথম থেকেই মাঝমাঠে খেলাটা তৈরির চেষ্টা করছিল পরিকল্পনার ছাপ রেখে।
দলের অন্যতম প্রাণভোমরা মামুনুল মাঝমাঠ থেকে ডান উইংয়ে বল দিয়ে যাচ্ছিলেন জাহিদকে। জাহিদ খেলেছেন প্রত্যাশামতোই। তবে তাঁর বরাবরের খেয়ালিপনাটা না থাকলে গোলের খরা দূর হওয়ার কথা ছিল আরও আগেই।
দ্বিতীয়ার্ধে জাহিদকে তুলে মোনায়েমকে নামালেন কোচ, ডান প্রান্তে এলেন হেমন্ত। শ্রীলঙ্কার বাঁ দিকের অঞ্চলটা তখন বেশ উন্মুক্ত। হেমন্ত এটা কাজে লাগিয়ে একের পর এর ঢুকলেন। মাথাটা ঠান্ডা রাখতে পারলে তাঁর হ্যাটট্রিক হয়ে যাওয়াও অসম্ভব মনে হয়নি। একটা শট অবশ্য শ্রীলঙ্কার সুজন পেরেরা রুখেছেন দারুণ দক্ষতায়।
বাংলাদেশ দল কিছু সময় লম্বা বলে গেলেও ছোট ছোট পাসে খেলা গড়ার দিকে মনোযোগী হয়েছে বেশি। দলীয় সমন্বয় মালয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচের চেয়ে ভালোই লাগল। রক্ষণ ও আক্রমণে সেতু গড়লেন জামাল ভুইয়া। এমিলি দৃশ্যত গোলে অবদান রাখা ছাড়া তেমন কিছু করতে না পারলেও প্রতিপক্ষ রক্ষণ তাঁকে নিয়েই সজাগ ছিল বেশি। অন্যরা তাই ফাঁকা জায়গা পেয়ে গেছেন।
শ্রীলঙ্কা সহজে হার মানেনি এটাও সত্য। স্থানীয় দলের সঙ্গে সমানে টক্কর দেওয়ার মানসিকতা দেখিয়েছে, তাদের মূল তিন খেলোয়াড়ই চোটে। সেরা একাদশটা তাই নামাতে পারেনি নিকোলা কাভাজোভিচ। তার পরও বাংলাদেশের রক্ষণের ফাঁক গলে দু-তিনটি থ্রু ঠিকই বের করেছে শ্রীলঙ্কা, যা থেকে অবশ্য বিপজ্জনক কিছু হয়নি।
দিনটা আসলে বাংলাদেশেরই। এই জয়ে চাপমুক্ত এখন স্বাগতিক দল, নতুন আশার সঞ্চারও হলো বঙ্গবন্ধু কাপে। সেমির প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ বাহরাইন-থাইল্যান্ড ম্যাচে। সামনে যারাই আসুক, ফাইনালে ওঠার আত্মবিশ্বাসও মিলল টিকে থাকার লড়াইয়ে উজ্জীবিত ফুটবল খেলে।
জয়তু বাংলাদেশ।
বাংলাদেশ দল: সোহেল, ইয়াছিন, ইয়ামিন, নাসির, রায়হান, জামাল, মামুনুল, হেমন্ত, সোহেল রানা (কোমল), জাহিদ (মোনায়েম), এমিলি (নাসিরুল ইসলাম)।