একটি টোকায় তিনটি পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ কোটান তাঁর দলের খেলায় উচ্ছ্বাস দেখান খুব কমই। দারুণ কিছু না খেললে ভদ্রলোক বিরক্তি প্রকাশ করতে থাকেন সারাক্ষণ। চট্টগ্রামে এসে নিজের মনমতো অনুশীলন মাঠ পাননি বলে বিস্তর অসন্তোষ তাঁর। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ভালো খেলে ড্র করায় মাঝে দুই দিন একটু ফুরফুরে ছিলেন। কাল আবার তাঁর বিমর্ষ চেহারা।

ফেনী সকারের সঙ্গে সামর্থ্যের সেরাটা মাঠে অনূদিত করা যায়নি—এটাই কোটানের অসন্তোষের মূল জায়গা। তবে ৪১ মিনিটে জুয়েল রানার পা থেকে আসা একমাত্র গোলটি ধরে রেখে ৩ পয়েন্ট পাওয়ায় অসন্তোষটা আর বাড়েনি। গোলটাও পাওয়া অনেকটা ভাগ্যের ছোঁয়ায়। ইমনের ফ্রি কিক সকারের গোলরক্ষক সুজন চৌধুরীর হাত ফসকে বেরিয়ে পড়ে জুয়েলের পায়ের সামনে। আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন এই উইঙ্গার।

গোল বাড়ানোর সুযোগ আর তেমন পায়নি আবাহনী। তাই জয়টাকে সৌভাগ্যপ্রসূত জয় বলতে এতটুকু দ্বিধা নেই কোটানের। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের পর অকপটেই বলে যান, ‘ছেলেরা আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। ৩ পয়েন্ট পেয়েছি ঠিক আছে, তবে এভাবে জেতাটা আমার পছন্দ নয়।’

আবাহনীর মৌসুম এবার শুরু হয়েছে ফেনী সকারের সঙ্গে ১-১ ড্র দিয়ে, সেটি স্বাধীনতা কাপে। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে অবশ্য ড্র নয়, ম্যাচের ৪৫ সেকেন্ডে করা লি টাকের একমাত্র গোলে জয়। সেই ফেনী সকার ব্রাদার্সের সঙ্গে ১-১ ড্রয়ে লিগ শুরু করে কাল আবাহনীর কাছে হারল স্রেফ গোল করার ব্যর্থতায়। চৌমরিন খুব কাছ থেকে মেরেছেন বার উঁচিয়ে। ফেলিক্সও একই পথের যাত্রী। এঁরা লক্ষ্যভেদে একটু নিখুঁত হতে পারলে স্কোরলাইন হতে পারত অন্য রকম। সেটি হয়নি বলেই ম্যাচের পর ফেনী সকারের কোচ লাডিবাবা লোলার মুখে আফসোস, ‘আবাহনী বড় দল ঠিক আছে, কিন্তু আমরাই ভালো খেলেছি এবং সুযোগ তৈরি করেছি।’

লাডিবাবার কথাটা আসলে উড়িয়ে দেওয়া যাবে না।