একটি ফ্রিকিকেই মীমাংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিকিক গোলে জয় পেল চট্টগ্রাম আবাহনী
ফ্রিকিক গোলে জয় পেল চট্টগ্রাম আবাহনী

আগের মৌসুমে আরামবাগের জার্সিতে মাঠ মাতিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। কিন্তু এই মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে যোগ দিয়ে তেমন সুযোগ পাচ্ছিলেন না। বেশির ভাগ ম্যাচে বদলি হিসেবেই নামতে হয়েছে। মামুনুল ইসলামের জায়গায় আজ শুরুর একাদশেই সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। দুর্দান্ত এক ফ্রিকিকে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন তিনিই। তাঁর একমাত্র গোলেই রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

কাদা মাঠের এই খেলায় রহমতগঞ্জের রক্ষণাত্মক ফুটবলের মুখে বারবার খেই হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। পাস দিতে গিয়ে বারবার আটকে যাচ্ছিল বল। কিন্তু এর মধ্যেই ম্যাচে একচ্ছত্র দাপট দেখিয়ে যাচ্ছিল তারা। কয়েকটি সুযোগও নষ্ট হয়েছে।

২০ মিনিটে ডান প্রান্ত থেকে সুশান্ত ত্রিপুরার ক্রস গোলমুখে সবুজের পায়ের ওপরে পড়লেও গোল করতে পারেননি তিনি। একটু পরে উইঙ্গার জাহিদ হোসেনের ফ্রিকিক সাইড বারে লেগে ফিরে আসে। ৭০ মিনিটে লিওনেল পুরেক্সের কল্যাণে ম্যাচের সেরা মুভটা দেখেছিলেন দর্শকেরা। ইনসাইড-আউটসাইড ডজে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করে শট নিলে তা ক্রসবারে লেগে বাইরে চলে যায়। মনে হচ্ছিল, গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে ম্যাচ। কিন্তু দুই মিনিট পরেই আবদুল্লাহর ফ্রিকিকে গোল। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ইনসুইং ফ্রিকিকটি সাইডবার ছুঁয়ে চলে যায় জালে। তাঁর এই গোলেই ম্যাচের মীমাংসা। লিগে আবদুল্লাহর প্রথম গোল।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চট্টগ্রাম আবাহনী। আর ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রহমতগঞ্জ।