একটি হলুদ কার্ডের ভালো ও মন্দ...
* স্বাধীনতা কাপের গ্রুপ ‘ডি’-তে ছিল চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ও আরামবাগ।
* তিন দলের পয়েন্টই সমান দুই হয়ে যায়। বাইলজ অনুযায়ী সর্বোচ্চ ২ গোল করে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে উঠে চট্টগ্রাম আবাহনী।

নিছক একটি হলুদ কার্ড! কিন্তু একটা কার্ড কত খারাপ হতে পারে, তা উপলব্ধি করল সাইফ স্পোর্টিং ক্লাব। ঠিক তেমনি সুফল কত বড় হতে পারে, তা দেখল আরামবাগ ক্রীড়া সংঘ। একটি হলুদ কার্ড কম দেখায় আরামবাগ স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। আর দ্বিতীয় দলটি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল।
খুলে বলা যাক বিষয়টি। স্বাধীনতা কাপের গ্রুপ ‘ডি’-তে ছিল চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ও আরামবাগ। প্রতিটি দলের গ্রুপ পর্বের খেলা শেষে তিন দলের পয়েন্টই সমান দুই হয়ে যায়। বাইলজ অনুযায়ী সর্বোচ্চ ২ গোল করে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে উঠে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় দলটি হবে কারা? গোল দেওয়া এবং হজমে সাইফ ও আরামবাগ সমান। কার্ডের হিসাবে সাইফকে পেছনে ফেলে গ্রুপের রানার্সআপ হিসেবে সেরা আটে উঠেছে আরামবাগ। সাইফ যেখানে দুটি হলুদ কার্ড দেখেছে, আরামবাগ সেখানে একটি। অর্থাৎ হলুদ কার্ড কম দেখায় শেষ আটে আরামবাগ।
আজ শেষ মুহূর্তের গোলে আরামবাগের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী। চট্টলার দলটি প্রথম ম্যাচে সাইফের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। আর সাইফ তাদের অন্য ম্যাচে আরামবাগের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে গোল ব্যবধান সমান হয়ে গেলে কার্ডের হিসাব আনা হয়।
কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে। আরামবাগের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।