একটু আশা দেখছেন প্লাতিনি!
৯০ দিনের নিষেধাজ্ঞার দুই দিন পেরিয়ে গেছে। সেপ ব্ল্যাটারের ফিফা-অধ্যায় যে শেষ হয়ে গেছে, সেটা এখন একরকম নিশ্চিত। এখন প্রশ্ন, মিশেল প্লাতিনি কি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিফা সভাপতি নির্বাচনে অংশ নিতে পারবেন?
পরশু ব্ল্যাটারের পর কাল প্লাতিনিও ফিফার নৈতিকতা কমিটি আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেছেন। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির নির্বাচনটাও পিছিয়ে যেতে পারে। সেটা হলে হয়তো প্লাতিনি আবার চলে আসতে পারেন দৃশ্যপটে!
প্লাতিনি অবশ্য এই দুঃসময়েও কয়েকটি ব্যাপার নিয়ে একটু আশার আলো দেখতে পারেন। ব্ল্যাটারের সঙ্গে আর্থিক লেনদেনের অনিয়ম নিয়ে ৯০ দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই দিন আগে। কাল রয়টার্স জানিয়েছে, ২০ অক্টোবরের ফিফার বিশেষ সভায় নির্বাচন পেছানো নিয়ে আলোচনা হতে পারে। সেটা হলে প্লাতিনির সভাপতি হওয়ার মৃতপ্রায় আশাটাও একটু সঞ্জীবিত হবে।
নিষেধাজ্ঞার পরও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্লাতিনিকে সমর্থন করেছে। সামনের বৃহস্পতিবার উয়েফার ৫৪টি সদস্যদেশের জরুরি বৈঠক হবে সুইজারল্যান্ডের নিওনে। উয়েফা সভাপতি হিসেবে নিজ মহাদেশের সমর্থনের আশা ফ্রান্সের ফুটবল কিংবদন্তি করতেই পারেন। তবে দক্ষিণ আমেরিকার সমর্থন পাওয়াটাও আরেকটু ভরসা দেবে প্লাতিনিকে। কাল দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে প্লাতিনির নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে, ‘দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন মিশেল প্লাতিনির সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে নিষেধাজ্ঞার সঙ্গে একমত নয়। ফিফার পূর্ণাঙ্গ একটা সংস্কার যখন সময়ের দাবি, কনমেবল বিশ্বাস করে প্লাতিনিই সেই সংস্কারে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য লোক। মি. প্লাতিনির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, আর এই সাময়িক নিষেধাজ্ঞা ফিফার সভাপতি নির্বাচনের প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।’
ফিফার নৈতিকতা কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্লাতিনি যে আপিল করেছেন, সেটি বিফল হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এরপরও একটা সুযোগ খোলা থাকবে সামনে। সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএসের) কাছে আবেদন করতে পারবেন ব্ল্যাটার-প্লাতিনি। কালই আবার ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনও জানিয়ে দিয়েছে, ফিফার আপিল কমিটি প্লাতিনির আপিল খারিজ করে দিলে তারা সিএএসের কাছে প্লাতিনির পক্ষ হয়ে যাবে।
এদিকে ব্ল্যাটারের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর সাবেক স্ত্রী গ্রাজিয়েল্লা বিয়াঙ্কা। এই ডলফিন প্রশিক্ষক দাবি করেছেন, ‘এসব করা হয়েছে ব্ল্যাটারকে ফাঁসানোর জন্য। ফুটবলের জন্য তিনি কতটা করেছেন, বিশেষ করে মেয়েদের ফুটবলের জন্য, সেটা কারও মনে নেই।’ ২০০৩ সালে ফিফা সভাপতির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিয়াঙ্কা, এক বছর পরেই অবশ্য দুজনের বিচ্ছেদ হয়ে যায়। এএফপি, রয়টার্স।
২০ অক্টোবর ফিফার বিশেষ সভা
পিছিয়ে দেওয়া হতে পারে ফিফার নির্বাচন
প্লাতিনিকে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের সমর্থন