একটুর জন্য রূপকথার শিকার হলো না রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ছবি: এএফপি
পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ছবি: এএফপি
>
  • চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
  • দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে জিতে সেমিতে স্প্যানিশ জায়ান্টরা 
  • জুভেন্টাসের হয়ে দুই গোল করেছেন মারিও মানজুকিচ
  • ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সেমিতে তোলেন রোনালদো  

কী করতে হবে জানাই ছিল জুভেন্টাসের। এএস রোমার মতো রূপকথার প্রত্যাবর্তন লিখতে চাইলে চার গোল করতে হবে। রিয়াল মাদ্রিদের মাঠে কাজটা কঠিন হলেও নিজেদের ওপর বিশ্বাস রেখেছে তারা। প্রথমার্ধের দুই গোলের পর দ্বিতীয়ার্ধেও এক গোল দিয়েছিল জুভেন্টাস। কিন্তু অতিরিক্ত সময়ে রোনালদোর পেনাল্টি গোলে স্কোরটা ৩-১ হলো। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে চলে গেল রিয়াল। চ্যাম্পিয়নস লিগে টানা ১১ ম্যাচে গোল করলেন রোনালদো। পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ কড়া ভাষায় করায় লাল কার্ড দেখেছেন জিয়ানলুইজি বুফন।

প্রথমার্ধে দুই গোল করেও নায়ক হতে পারলেন না মারিও মানজুকিচ। ইতিহাস যে জয়ীদের পক্ষেই লেখা হয়। ছবি: রয়টার্স
প্রথমার্ধে দুই গোল করেও নায়ক হতে পারলেন না মারিও মানজুকিচ। ইতিহাস যে জয়ীদের পক্ষেই লেখা হয়। ছবি: রয়টার্স

বার্নাব্যুতে নিজেদের মাঠে খেলার শুরুতেই রিয়াল–সমর্থকদের বুকে ছুরি চালান মারিও মানজুকিচ। রিয়ালের ডি-বক্সে আনমার্কড মানজুকিচ সামি খেদিরার ক্রস থেকে হেডে গোল করলে রিয়াল ১-০–তে পিছিয়ে পড়ে ম্যাচের শুরুতেই। এরপর দুই মিনিটে হিগুয়েইনকে আটকে না দিলে গোল সংখ্যা তখনই বাড়াতে পারত জুভেন্টাস। পরের মিনিটে পাল্টা-আক্রমণে উঠে আসে রিয়াল। রোনালদোর শট জুভেন্টাসের রক্ষণের খেলোয়াড়ের পায়ে লেগে ফিরে আসে। দশম গ্যারেথ বেলের শট আটকে দেন জুভেন্টাস গোলরক্ষক বুফন। ১২তম মিনিটে কিয়েলিনির স্লাইংডিং ট্যাকলে রক্ষা পায় জুভেন্টাস। ইসকোকে ওই যাত্রায় আটকে দিতে সক্ষম হন জুভেন্টাসের এই ডিফেন্ডার। প্রথমার্ধের পুরোটাই আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ছিল। ১৫তম মিনিটে গোলসংখ্যা বাড়ানোর ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জুভেন্টাস। ৩২তম মিনিটে ইসকো-কাসেমিরো-ক্রসের সমন্বিত আক্রমণ রুখে দেয় জুভেন্টাসের রক্ষণভাগ। ৩৬তম মিনিটে পর্তুগিজ সেনা রোনালদোর আক্রমণও আটকে দেন জুভেন্টাসের প্রহরীরা। পাল্টা–আক্রমণে উঠে আসে জুভেন্টাস। ম্যাচের ৩৭তম মিনিটে আবারও মারিও মানজুকিচের হেড। এবার স্টিফেন লিখস্টেইনারের ক্রস থেকে (২-০)। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে (৪৬তম মিনিটে) রোনালদোকে ফাউল করায় বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় রিয়াল। ক্রুসের শট বারের সামান্য ওপর দিয়ে চলে গেলে অল্পের জন্য রক্ষা পায় জুভেন্টাস। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জুভেন্টাস ।

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বুফন। ছবি: রয়টার্স
লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বুফন। ছবি: রয়টার্স

দ্বিতীয়ার্ধে অাক্রমণ-পাল্টা অাক্রমণে খেলা বেশ জমে ওঠে। দুই লের দুই গোলরক্ষকই ৫৮ ও ৫৯ মিনিটে দুটি গোল রক্ষা করেন । কিন্তু ৬১তম মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকেরা। কস্তার অসাধারণ ক্রস ঠিকমতো তালুতে নিতে পারেননি নাভাস। মাতুইদির পায়ের ছোঁয়ায় ৩-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস।

ম্যাচের শেষ মুহূর্তে এসে নাটকীয়তার দেখা পান রিয়াল–ভক্তরা। ম্যাচ শেষে যোগ হওয়া মিনিটে (৯৩তম মিনিটে) বুফনের সামনে বল পান রিয়ালের লুকাস ভাসকেজ। তাঁকে পেছন থেকে ফাউল করে বসেন মেধি বেনেশিয়া। পেনাল্টির ফাঁদে পড়ে জুভেন্টাস। তবে পেনাল্টির সিদ্ধান্তটি পছন্দ হয়নি জুভেন্টাস খেলোয়াড়দের। প্রতিবাদ রতে থাকেন তারা। রেফারির সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বুফনকে।। খানিক বিরতি নিয়ে পেনাল্টি শটে গোল করেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ১১ ম্যাচে গোল করেন রিয়াল সেনা। চ্যাম্পিয়নস লিগে আজ তাঁর ১৫০তম ম্যাচের উদ্‌যাপনটা মনে রাখার মতো করেই হবে।