একদম কাছে চেলসি-জুভেন্টাস
ট্রফিতে এক হাত রেখে এখন উল্লাস শুরু করেই দিতে পারে চেলসি-জুভেন্টাস। পরশু লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে পাঁচ বছর পর ইংলিশ লিগের একদম কাছে চলে এসেছে চেলসি। আর ফিওরেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে জুভেন্টাসও প্রায় নিশ্চিত করে ফেলেছে টানা চতুর্থ শিরোপা।
লেস্টারের সঙ্গে জয়ের পর চেলসির এখন চার ম্যাচে দরকার মাত্র ৩ পয়েন্ট। সামনের রোববার ক্রিস্টাল প্যালেসকে হারালে নিজেদের মাঠেই শিরোপা উৎসব করতে পারবে চেলসি। পরশু গোল করেছেন দিদিয়ের দ্রগবা, জন টেরি ও রামিরেস। তবে কোচ হোসে মরিনহো এখনই উদ্যাপন করে ফেলতে রাজি নন, ‘এখনো তো শিরোপা জিতিনি। আমাদের ২ থেকে ৩ পয়েন্ট পেতে হবে এখনো।’
ফিওরেন্টিনার সঙ্গে জুভেন্টাসের জয়ে জোড়া গোল করেছেন কার্লোস তেভেজ। অন্য গোলটি ফার্নান্দো লরেন্তের। সাম্পদোরিয়ার সঙ্গে সামনের ম্যাচে ড্র করলেই চার ম্যাচ আগেই নিশ্চিত হবে শিরোপা। কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি তো বলেই ফেলেছেন, ‘এখান থেকে শিরোপা খোয়াতে হলে আপনাকে অলৌকিক কিছু করতে হবে।’ এএফপি।