একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে হতাশা
তাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিল ইংল্যান্ড আর যুক্তরাষ্ট্র। সেপ ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণায় স্বভাবতই এই দুটি দেশেরই উচ্ছ্বাস বেশি। স্বস্তির সুবাতাস বইছে ইউরোপের ব্ল্যাটারবিরোধী দেশগুলোর ফুটবল প্রশাসনেও। তবে উল্টো ছবিও আছে। এশিয়া, আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার যে দেশগুলো ভোট দিয়ে ব্ল্যাটারকে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত করেছে, তারা বেশ হতাশ। এ জন্য পশ্চিমা সংবাদমাধ্যমগুলোকে দায়ী করেছেন কেউ কেউ।
রাখঢাক না করে ব্ল্যাটারের পদত্যাগে উচ্ছ্বাস প্রকাশ করেছে ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এফএ। ফিফা সভাপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার খানিক পরই এফএর ওয়েবসাইটে চেয়ারম্যান গ্রেগ ডাইক বলেছেন, ‘আমরা তাঁর ঘোষণাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি এটা বিশ্ব ফুটবল ও ফিফার জন্য সুসংবাদ। সত্যিকার পুনর্গঠনের জন্য ফিফার সর্বোচ্চ পর্যায়ে পরিবর্তন দরকার ছিল।’ ফিফার এই টালমাটাল পরিস্থিতি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থাগুলোর কারণেই। সেই যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএস সকারও ইতিবাচকভাবেই নিয়েছে ব্ল্যাটারের ঘোষণাকে, ‘যারা ফুটবল-অনুরাগী তাদের সবার জন্য আজ নতুন আশাবাদ ও বিশ্বাসের দিন।’ ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তো তাদের টুইটারে সরাসরিই বলেছেন, ‘ব্ল্যাটার গেছেন। এটার জন্যই তো আমরা এত দিন লড়াই করেছি।’ আরও অনেক আগেই ব্ল্যাটারের পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ভলফসগ্যাং নিয়েরশবাখ।
তবে খবরটি ব্ল্যাটার-অনুরাগী ফুটবল ফেডারেশনগুলোর কাছে খুব ইতিবাচক নয়। ব্ল্যাটারের সময়ে কাতার ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন এফএর চেয়ারম্যান গ্রেগ ডাইক। পরশু ব্ল্যাটারের পদত্যাগের পর ডাইকের দিকে পাল্টা তির ছুড়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হাম্মাদ বিন খলিফা বিন আহমেদ আল-থানি বলেছেন, ‘ডাইকের কাছে আমাদের অনুরোধ থাকবে তদন্তের কাজ নিজের মতো এগোতে দিন আর ভালো একটা ইংল্যান্ড দল গড়ার দিকে মনোযোগ দিন, যাতে ওরা কাতারে এসে বিশ্বকাপ জিততে পারে।’ ব্ল্যাটারকে ‘দক্ষিণ আফ্রিকার বন্ধু’ উল্লেখ করে দেশটির ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা বলেছেন, ‘ফুটবল-বিশ্বের মনোযোগ আফ্রিকার দিকে ফেরানোতে তিনি বড় ভূমিকা রেখেছেন। সে জন্য ইতিহাস তাঁকে মনে রাখবে।’ জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ও আফ্রিকার সাবেক বর্ষসেরা খেলোয়াড় কালুশা বাওয়ালিয়া বলেছেন, ‘পশ্চিমা সংবাদমাধ্যম ব্যাপারটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং প্লাতিনিও খুবই নিন্দনীয় আচরণ করেছেন তাঁকে বারবার পদত্যাগ করতে বলে।’ এএফপি, রয়টার্স।