একদিন তারা 'মেসি' হতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথশিশুদের অন্য রকম ফুটব​ল উৎ​সবের আয়োজন করেছিল ওয়ালটন। ছবি: জাহিদুল করিম
পথশিশুদের অন্য রকম ফুটব​ল উৎ​সবের আয়োজন করেছিল ওয়ালটন। ছবি: জাহিদুল করিম

এ যেন ‘সংশপ্তক’! মোহাম্মদ আবদুল্লাহর দুই পা নেই। কাউসার হোসেনের নেই ডান হাত। আবদুল্লাহর পা জোড়া হাঁটু পর্যন্ত কাটা, হাঁটুতে কেডস বেঁধে দৌড়াচ্ছে বলের পেছনে। কাউসারও হার মানতে চাইছে না। হাত নেই তো কী হয়েছে, জীবন তো আর থেমে থাকে না! এক হাত নিয়েই দিব্যি চরে বেড়াচ্ছে। ফুটবল খেলতেও তাই কোনো সমস্যা নেই।
বঙ্গবন্ধু স্টেডিয়াম–সংলগ্ন পল্টন আউটার মাঠে আজ দুপুরে তপ্ত বালুর ওপর খালি পায়ে দৌড়াচ্ছিল আবদুল্লাহ, কাউসারদের মতো অনেকেই। পাশাপাশি শুধু মোজা পরেও খেলছিল কেউ। আজ দিনমান ফুটবল উৎসবে মেতে ওঠে ঢাকা শহরের এই পথশিশুরা। সুবিধাবঞ্চিত এই শিশু-কিশোরদের কেউ স্টেডিয়ামের ভিক্ষুক, কেউ কাগজ-প্লাস্টিকের বোতল কুড়ায়, কেউ বা সদরঘাটের কুলি বা দোলাইয়ের পাড়ের চায়ের দোকানের কর্মী। টেইলার্সেও কাজ করে কেউ। এই পথশিশুদের এক মাঠে এনে জড়ো করেছে ইলেকট্রনিকস সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান ওয়ালটন। দুই দিনের এই টুর্নামেন্ট যেন আরেকটি ঈদ উপহার দিয়েছে এই শিশু-কিশোরদের।
আবদুল্লাহর বাবা আবদুল হাশেম শরীয়তপুরে অটো রিকশা চালান। ছোটবেলায় ঘর পালিয়ে ঢাকায় আসে আবদুল্লাহ। ঠাঁই নিয়েছিল কমলাপুর রেলস্টেশনে। ট্রেনের ওপর থেকে পড়ে গিয়ে একদিন দুই পা হারিয়ে ফেলে আবদুল্লাহ। কুলি। রাতে ঘুমায় সদরঘাটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গড়ে ওঠা ক্লাবে। দিনের কাজ শেষে বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে আসে আবদুল্লাহ। বলল, ‘এখানে না এলে মোটেও ভালো লাগে না। প্রতিদিন এই মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলি।’
আবদুল্লাহর মতোই ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ডান হাত হারিয়েছে কাউসার। শিশু একাডেমির হয়ে খেলা কাউসার স্টেডিয়াম এলাকায় ভিক্ষা করে। কিন্তু যেখানেই সে থাকুক না কেন মন পড়ে থাকে খেলার মাঠে। কাউসারের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। স্টেডিয়ামের ইলেকট্রনিকস মার্কেটের টেলিভিশনের শো রুমের কাচঘেরা কক্ষে কখনো ঢোকা হয় না তার। কিন্তু মেসির খেলা দেখলেই বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে।
মেসির মতো হতে চায় হৃদয় হোসেন। গেন্ডারিয়ার একটি চায়ের দোকানের শিশুশ্রমিক হৃদয় এবার খেলছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের জার্সি গায়ে। আজ তার একমাত্র গোলেই জিতেছে দল। কখনো গরম চা ছলকে হাতের ওপর পড়লে হাত থেকে কাপ ভেঙে যায়। কিন্তু ফুটবলার হওয়ার স্বপ্নটা ভাঙে না হৃদয়ের, ‘স্যার, দেইখেন আমি একদিন মেসি হমু।’ ফুটবল খেলার জন্য মালিকের অনুমতি হয় জানিয়ে হৃদয় বলল, ‘মহাজন কইছে বিকেলে আমি খেলতে পারুম। তাই বিকেলবেলা মাঠে গিয়ে ফুটবল খেলি।’ তবে রাজমিস্ত্রি বাবা ইউনুস আলী চান না ছেলে ফুটবলার হোক। হৃদয় বলছিল, ‘বাবা খেলার কথা হুনলেই রাগারাগি করে।’
জন্মের পর বাবাকে কোনো দিন দেখেনি মোহাম্মদ হীরা। সাত বছর বয়সে মাকেও হারিয়েছে সড়ক দুর্ঘটনায়। এরপর থেকেই স্টেডিয়াম ঠিকানা হয়েছে হীরার। বাদামতলীতে ভ্যানগাড়ি ঠেলে সে, কখনো বিয়েবাড়িতে খানসামার কাজ করে। তবে কাজ যেটাই করুক না কেন, মাঠে এসে ফুটবলটা খেলতেই হবে, ‘বন্ধুরা চাঁদা তুলে বল কিনে এই মাঠে প্রতিদিন খেলি আমরা। কখনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকে খেলা দেখি। টিকিট কাটার টাকা থাকে না বলে বিরতির পর গার্ডকে বলে মাঠে ঢুকি।’ মামুনুল-রায়হানদের খেলা বেশি ভালো লাগে হীরার। স্বপ্ন দেখে পল্টনের ছোট মাঠে নয়, একদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে লাল-সবুজের জার্সি পরে।
কিন্তু এসব পথশিশু যে বছরে একবারই সুযোগ পায় নিজেদের মেলে ধরার! বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে হয়তো রাস্তার হীরা হয়ে উঠবে সত্যিকারের হীরার টুকরা। ওয়ালটন আপাতত সেই দায়িত্ব পালন করছে, একটা ধন্যবাদ অন্তত তাদের প্রাপ্য।