একসঙ্গে ফুটবলের শরৎ-হেমন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপিতে দুই ভাইয়ের ফুটবল শেখা একসঙ্গে। তবে বড় ভাই অ্যালেক্স শরৎ বিশ্বাসকে (ডানে) ছাপিয়ে আজ দেশের অন্যতম সেরা ফুটবলার ছোট ভাই হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কাল শেখ জামাল ক্লাব চত্বরে ক্যামেরাবন্দী দুই ভাই l হাসান রাজা
বিকেএসপিতে দুই ভাইয়ের ফুটবল শেখা একসঙ্গে। তবে বড় ভাই অ্যালেক্স শরৎ বিশ্বাসকে (ডানে) ছাপিয়ে আজ দেশের অন্যতম সেরা ফুটবলার ছোট ভাই হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কাল শেখ জামাল ক্লাব চত্বরে ক্যামেরাবন্দী দুই ভাই l হাসান রাজা

গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। খেলার পাতায় ছয় ঋতুকে টেনে আনা কেন?
এই ছয় ঋতুর দুটির নামে যে বাংলাদেশে দুজন ফুটবলার আছেন। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস সবারই পরিচিত। ঢাকা আবাহনী ছেড়ে এবার যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগে নবাগত সাইফ স্পোর্টিংয়ে। দ্রুতই দৃষ্টিকাড়া এই মিডফিল্ডার জাতীয় দলেও নিজেকে চিনিয়েছেন ২০১৪ সালে আর্বিভাবেই।
অ্যালেক্স শরৎ বিশ্বাস অত দূর অবশ্য যেতে পারেননি। ঢাকার ফুটবলের তৃতীয় স্তর সিনিয়র ডিভিশনের দল ওয়ান্ডারার্সে খেলছেন তিন বছর ধরে।
তাঁদের বড় পরিচয়, তাঁরা সহোদর। ফুটবলের শরৎ–হেমন্ত!
এই দুজনের আরেক ভাইয়ের নাম কোনো ঋতুর নামে হলে ভালোই হতো। কিন্তু তা হয়নি। বড়জন সৌরভ পিটার বিশ্বাস দিনাজপুর জেলা এবং ঢাকায় প্রথম বিভাগে টিঅ্যান্ডটিতে ফুটবল খেলেছেন। যার অর্থ, ঢাকায় খেলার স্বাদ নিয়েছেন তিন ভাই-ই।
তিন ভাই ঢাকায় ফুটবল খেলেছেন এমন উদাহরণ নতুন নয়। নওশেরুজ্জামান, এনায়েত, রুম্মান বিন ওয়ালী সাব্বির, জয়, এমিলি ভাইয়েরা আলোকিত করেছেন ঘরোয়া ফুটবল। হেমন্ত-শরৎ দুই ভাই সেভাবে আলোচনায় হয়তো আসতে পারেননি, তবে তাঁদের ছোটজন হেমন্ত সময়ের অন্যতম সেরা ফুটবলার। জাতীয় দলের সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফের আবিষ্কার। ডাচ কোচ হল্যান্ডে একটা ক্লাবের ট্রায়ালেও পাঠান হেমন্তকে। যাঁর মধ্যে ইউরোপে খেলার সম্ভাবনা দেখেছিলেন ক্রুইফ। কিন্তু চোট এবং অন্যান্য কারণ মিলিয়ে কিছুটা ছন্দপতন হয়েছে হেমন্তের ফুটবলজীবনে।
তবে হেমন্ত এখন সামনে এগোতে চান বাধাহীনভাবে। তাঁর সঙ্গে তিন বছরের বড় শরতের মধ্যে একটা মিল সহজেই চোখে পড়ে, দেখতে দুই ভাই প্রায় একই রকম। কমলাপুর স্টেডিয়ামে চলমান সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ওয়ান্ডারার্সের জার্সিতে শরৎকে দেখে মনে হয় আরে, হেমন্ত এল কোথা থেকে!
মানুষের এমন ভুল নাকি প্রায়ই ভাঙতে হয় শরৎকে, ‘আর বলবেন না। অনেকেই হেমন্ত বলে ভুল করে আমাকে।’ কোথাও হঠাৎ কেউ শরৎকে দেখে হয়তো বলল, ‘হেমন্ত ভাই, একটা অটোগ্রাফ দেন।’ অপ্রস্তুত শরতের উত্তর, ‘...আমি তো হেমন্ত নই, হেমন্তের ভাই অ্যালেক্স শরৎ বিশ্বাস।’
দুজনের আরেক জায়গায় মিল, তাঁদের ফুটবল-শিক্ষা বিকেএসপিতে। হেমন্ত ২০০৭ সালে ভর্তি হন। শুরুর সেই গল্পটা তাঁর কাছে আজও অবিশ্বাস্য লাগে। দিনাজপুর আঞ্চলিক বিকেএসপিতে স্থানীয় জেলা দলের ফুটবল কোচ মাইকেল বিশ্বাস তাঁর বড় দুই ছেলে সৌরভ ও শরৎকে ট্রায়ালে নিয়ে যান। কিন্তু দুজনই বেশি বয়সের কারণে বাদ। মাইকেল বিশ্বাস হাল ছাড়েননি। আয়োজকেরা আধঘণ্টা সময় দিলে ‘ফুটবলে পাকা’ ছোট ছেলে হেমন্তকে ট্রায়ালে হাজির করান।
সেদিন ২৫ ডিসেম্বর বড়দিন, হেমন্ত ছিলেন গির্জায়। গির্জা থেকে দ্রুত বড় ভাইয়ের মোটরসাইকেলে হেমন্তকে নিয়ে যাওয়া হলো ট্রায়ালে এবং টিকেও গেলেন। পরের বছর গোলরক্ষক হিসেবে শরৎ ঢোকেন বিকেএসপিতে, গোলরক্ষকদের জন্য বয়সের একটু শিথিলতা ছিল। অবশ্য পরে হয়ে গেছেন স্ট্রাইকার। ছোট ভাইয়ের মতো এগোতে না পারার কোনো কষ্ট অবশ্য শরতের নেই। বরং ভাইকে নিয়ে তাঁর গর্ব হয়, ‘ও যখন ভালো খেলে, মনে হয় ইউরোপের কোনো ফুটবলারের খেলা দেখছি।’
পাঁচ বছর সাভার বিকেএসপির জীবনে দুই ভাই থাকতেন আলাদা কক্ষে। ফুটবল নিয়ে তাঁদের পছন্দ-অপছন্দও আলাদা। বার্সেলোনা, নেইমার আর আর্জেন্টিনার পাঁড় সমর্থক হেমন্ত। শরৎ ভালোবাসেন রিয়াল, নেইমার-রোনালদো ও ব্রাজিল। দুই ভাইয়ের তুমুল ‘ঝগড়াঝাঁটি’ চলে এ নিয়ে। গোলমালও নাকি লেগে যায়।
কিন্তু দিন শেষে তাঁরা সহোদর। একসঙ্গে কঠিন সংগ্রামের রাস্তা বেয়ে উঠে আসা বলে প্রাণের বন্ধুও। বলা যায়, হরিহর আত্মা। হেমন্ত তুলে আনেন একসঙ্গে কাটানো বিকেএসপি জীবনের স্মৃতি, ‘বেতনের জন্য বাবা হয়তো পাঁচ শ টাকা দিলেন, দেখা গেল, আমরা ওই টাকায় বুট কিনে ফেললাম। বা অন্য কিছু। ওদিকে বেতন বাকি পড়ে যেত।’ ওই টাকা জোগাড় করতে ছোট্ট হেমন্ত খেপ খেলত বিকেএসপির আশপাশে। নানা ছুতোয় ছুটি নিত বিকেএসপি থেকে।
অনেক সময় অনুশীলন, খেলার চাপে ক্লান্ত শরীরে ঘুম চলে আসত। সেদিন আর ক্লাসে যেতেন না। ভাইকে হেমন্ত বলতেন, ‘বলে দিস, আমি অসুস্থ।’ এভাবেই পেরিয়ে আসা বিকেএসপি। তাঁদের মনে পড়ে ক্রিসমাসের দিনও অনুশীলন করার সময়গুলো। দিনাজপুর স্টেডিয়ামের ফটকেই কসবায় তাঁদের বাসা। বাবা অনেক ভোরে তিন ভাইকে তুলে স্টেডিয়ামে নিয়ে বলতেন ‘চক্কর মার।’ না পারলে অনেক সময় শীতের কুয়াশায় হেমন্ত লুকিয়ে যেতেন।
তাঁর বিকেএসপিতে সুযোগ পাওয়ার দিনে এই পরিবারে আনন্দ হয়েছিল অনেক। জাতীয় দলে ডাক এলে কেক কাটা হয়, মিষ্টি খাওয়ার ধুম পড়ে। সময়ের সঙ্গে ঘুরে গেছে তাঁদের জীবনের মোড়। হেমন্ত সংসারের আর্থিক অসচ্ছলতা দূর করে দিয়েছেন ফুটবলকে অবলম্বন করেই। বাবা অসুস্থ, হেমন্ত সংসারে বড় অবদান রাখেন। জমিজমাও কিনেছেন।
ভাইয়ের এই উন্নতির শিখরে ওঠা দেখে শরতের চোখ ভরে যায় আনন্দাশ্রুতে।