একাডেমি বন্ধ এক বছরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক ভিত্তিই যেখানে চূড়ান্ত নড়বড়ে, একাডেমি বন্ধ হওয়াটা তাই অনুমিতই ছিল। গত বছর ১৩ নভেম্বর এটি চালু করা গিয়েছিল ফিফার আর্থিক আনুকূল্যে। তাদের দেওয়া ৭ লাখ ডলার ফেডারেশনের নানা খাতে খরচ করে সেই কবেই শেষ। তবু একাডেমি চালু করাটা ছিল বাফুফের বিরাট কৃতিত্ব। কিন্তু এটি কীভাবে চলবে, কারা টাকা দেবে, বছরে কত টাকা লাগবে—এসব আজও জানা নেই বাফুফের। নেই কোনো স্পনসরও।

আর্থিক নিরাপত্তা ছাড়া এমন ‘প্রকল্প’ মুখ থুবড়ে পড়াটা অবশ্যম্ভাবী, বলছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায়, ‘আমাদের মূল সমস্যা টাকা। গত এক বছরে এটি পরিচালনা করতে ১ কোটি টাকা লেগেছে। কাজেই টাকার সংস্থান না হলে আপাতত একাডেমি চালুর সম্ভাবনা ক্ষীণ। জুনের দিকে চালু হতে পারে।’

একাডেমির জন্য বাফুফে, সরকার কারও খরচের খাতায়ই কিছু বরাদ্দ নেই। বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি সরকারের কাছ থেকে ১ কোটি ৪০ লাখ টাকা পাওয়ার সম্ভাবনা দেখছে ফুটবল। সেই টাকার ৮০ শতাংশ দিয়ে অনূর্ধ্ব-১৪ ও ১৬ দুটি টুর্নামেন্ট করার চিন্তাভাবনা আছে। একাডেমির আর্থিক সংকট কাটানোর সম্ভাবনা তাই দেখা যাচ্ছে না। সুনির্দিষ্ট পরিকল্পনাই-বা কোথায়! বাদল রায় নিজেই বলছেন, ‘আসলে একাডেমি নিয়ে আমাদের সে অর্থে কোনো পরিকল্পনাও নেই।’

অবস্থা বেশ প্রতিকূল। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ একটা আশা দেখছেন, ‘এক স্পনসরের সঙ্গে কথা হচ্ছে। আশা করি ইতিবাচক কিছু হবে এবং শিগগিরই একাডেমি আবার চালু করতে পারব।’ কয়েক দিন পর মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১২ মক কাপ খেলে ফিরলে জানুয়ারিতে অনূর্ধ্ব-১২ ও ১৩ বছর বয়সী কিশোরদের একাডেমিতে তোলার পরিকল্পনা আছে। কিন্তু সেটাও নিশ্চিত নয়, স্পনসর-প্রাপ্তি সাপেক্ষে।

মোটের ওপর একাডেমির ভবিষ্যতের ওপর একটা প্রশ্নচিহ্নই ঝুলছে। যদিও কাগজে-কলমে একাডেমি হলেও সব সুযোগ-সুবিধা এখানে নেই। এটি কার্যত ‘কোচিং সেন্টার’। যেটিই হোক, বাংলাদেশের ফুটবলে এই প্রথম একটা একাডেমি চালু করাও বড় ঘটনা। অথচ সুফল আসতে আসতেই কিনা একাডেমি পড়ল মুখ থুবড়ে।

শুরুতে অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব-১৮ বিভাগে ৫০ জন খেলোয়াড় নিয়ে যাত্রা। অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়েরা গত আগস্টে সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে খেলে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে। ওই খেলোয়াড়দের তখনই ছেড়ে দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের বিদায় দেওয়া হয়েছে কয়েক দিন আগে। তাঁরা এখন চ্যাম্পিয়নশিপ লিগসহ বিভিন্ন জায়গায় খেলছেন।

সর্বশেষ অনূর্ধ্ব-১২ দল সপ্তাহ তিনেক একাডেমিতে অনুশীলন করে কয়েক দিন আগে ঢাকা ফিরেছে। একাডেমি তাই শূন্য এখন। বাফুফের তৃণমূল ফুটবলে একটা সাফল্য আসছিল সম্প্রতি, সেটি হোঁচট খেতে পারে একাডেমির কার্যক্রমে ধারাবাহিকতা না থাকায়।