একাডেমিকে বেসরকারি খাতে দিচ্ছে বাফুফে

এক বছরের মধ্যেই বাফুফের একাডেমির কার্যক্রম বন্ধ। আর্থিক সংকটে মুখ থুবড়ে পড়া একাডেমিকে আবার চালুর চেষ্টা চলছে। সাইফ পাওয়ারটেক এগিয়ে এসেছে স্পনসর হিসেবে, এখন তাই একাডেমির বন্ধ দরজা খুলে দেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। কাল একটি প্রতিনিধিদল ঢাকা থেকে সিলেট গিয়ে একাডেমি দেখেও এসেছেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে একাডেমি নিয়ে ঘুরেফিরে আগের কথাগুলোই বলেছেন নতুন করে, ‘বিদেশি কোচ এনে আমরা এই একাডেমিটি গড়ব। এটি হবে আধুনিক একটা একাডেমি।’
এমন স্বপ্নের কথা বাফুফে অনেকবার বললেও কার্যকর উদ্যোগ দৃশ্যমান ছিল কমই। সাফ বিপর্যয়ের পর নতুন খেলোয়াড় তুলে আনার তাগিদেই একাডেমি চালুর তোড়জোড় শুরু হয়েছে। স্পনসরের সঙ্গে শিগগিরই চুক্তি হওয়ার কথা বাফুফের। চুক্তি অনুযায়ী একাডেমি পরিচালনা করবে স্পনসর প্রতিষ্ঠান অর্থাৎ সাইফ পাওয়ারটেক। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিল এই প্রতিষ্ঠানটি।
বিদেশি কোচ আনাসহ একাডেমির প্রয়োজনীয় সব কাজই করবে স্পনসর প্রতিষ্ঠান। খেলোয়াড় তৈরি করে বিক্রি করবে তারাই। অর্থাৎ এটি চলে যাচ্ছে বেসরকারি খাতে। লাভ-লোকসান সবই স্পনসরের। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সেটিই বললেন, ‘অন্তত ১৫ বছরের জন্য একাডেমিটি নেবে স্পনসর প্রতিষ্ঠান। তারাই এটা দেখাশোনা করবে, বিনোয়োগ করবে এবং লাভও তাদের। বাফুফে শুধু লভ্যাংশের একটা অংশ পাবে। চুক্তিটা সেভাবেই আমরা করছি।’
সিলেট প্রতিনিধির সংযোজন: বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও বাফুফের সহসভাপতি বাদল রায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন আসেন সিলেটে একাডেমি দেখতে। তাঁদের সঙ্গে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিমসহ অন্য কর্মকর্তারা। তরফদার রুহুল আমিন বলেন, ‘সিলেট বিকেএসপিকে আন্তর্জাতিক মানের একটি একাডেমিতে রূপান্তর করতে চাই। নয় থেকে দশ বছর বয়সী বাচ্চাদের ভবিষ্যতের ভালো ফুটবলার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থেকেই দীর্ঘমেয়াদি একটি প্রকল্প নেব আমরা। এর জন্য প্রতিবছর আমাদের অন্তত তিন থেকে চার কোটি টাকা খরচ হবে।’
কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা ফুটবলকে বিশ্বমানে নিয়ে যেতে চাই। এ পরিকল্পনার অংশ হিসেবেই বিকেএসপিকে আধুনিকায়ন করা হচ্ছে। আগামী মার্চের মধ্যে বিদেশি কোচ নিয়োগ দিয়ে বাফুফের প্রশিক্ষণার্থীদের আগামী দিনের জন্য তৈরি করা হবে।’