একাদশ গড়তেই গলদঘর্ম শেখ জামাল
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এমন চ্যালেঞ্জের মুখে খুব কমই পড়তে হয়েছে শফিকুল ইসলাম মানিককে। এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে কাল গভীর রাতে দল নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ। আগামীকাল মালয়েশিয়ার ক্লাব সেলাঙ্গর এফএর সঙ্গে শেখ জামালের অ্যাওয়ে ম্যাচ। কিন্তু মাঠে নামানোর মতো একাদশ দাঁড় করাবেন কীভাবে তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন শফিকুল। সঙ্গে নিয়ে গেছেন মাত্র ১৫ জন ফুটবলার!
টুর্নামেন্টের শুরুতে এএফসি কাপের জন্য ২২ ফুটবলারের তালিকা এএফসিতে জমা দিয়েছিল শেখ জামাল। কিন্তু সেখান থেকে মামুনুল ইসলাম, রায়হান হাসান, আলমগীর রানা, নাসির উদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, শহীদুল আলম সোহেল ও সোহেল রানাকে পাওয়া যাচ্ছে না আইনি জটিলতায়। তালিকায় থাকা ধারের খেলোয়াড় মোনায়েম খান রাজু ও হেমন্ত বিশ্বাসও দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন। নিজেদের খেলোয়াড় জাহেদ চৌধুরীও চোটগ্রস্ত। মালয়েশিয়া যাওয়ার আগে অসহায় কণ্ঠে কাল শফিকুল বলছিলেন, ‘এই দলের ফলটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। অবস্থা এমন যে বেঞ্চের খেলোয়াড় নিয়েও একটা একাদশ দাঁড় করানো কঠিন। এ মুহূর্তে আমার হাতে আছে মাত্র ১৫ জন খেলোয়াড়।’ এঁদের মধ্যে দুজন গোলরক্ষক। দুই নতুন মুখ মুরাদ ও রাকিন আবার এএফসি কাপেই সিনিয়র পর্যায়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন।
ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৫ মার্চ এই সেলাঙ্গরের সঙ্গে জিততে জিততেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরেছে শেখ জামাল। এবার অলৌকিক কিছুর আশা করা ছাড়া উপায় নেই শফিকুলের, ‘ফুটবলে কখনো কখনো ঈশ্বরের উপহার পাওয়া যায়। সেই আশাতেই আছি।’ ঢাকায় হেরেই কোয়ার্টার ফাইনালে খেলার আশা অনেকটা শেষ শেখ জামালের। এখন ঢাকার দলটির আশা কেবল সম্মানজনক একটা ফল।