একে অন্যকে দরকার রোনালদো-মেসির!
মার্কিন পরিচালক রন হাওয়ার্ডের রাশ সিনেমাটা যাঁরা দেখেছেন, তাঁরা ব্যাপারটা আরও ভালো বুঝবেন। সত্তরের দশকে ফর্মুলা ওয়ানের দুই কিংবদন্তি ফেরারির নিকি লাওডা আর ম্যাকলারেনের জেমস হান্টের দ্বৈরথ সিনেমাটার মূল গল্প। এ দুজনের প্রতিদ্বন্দ্বিতায় ছিল তখন ফর্মুলা ওয়ানের সবচেয়ে বড় আকর্ষণ। একবার অস্ট্রিয়ার লাওডা জেতেন তো অন্যবার ব্রিটিশ হান্ট। কিন্তু ১৯৭৬ সালে জার্মান গ্রাঁ প্রিতে ভয়ংকর এক দুর্ঘটনায় পড়েন লাওডা। আবার রেসিং ট্র্যাকে ফেরা তো দূরের কথা, জীবন সংশয় দেখা দিয়েছিল তাঁর। কিন্তু বিস্ময়করভাবে লাওডা শুধু বেঁচে ওঠেননি, আবার ট্র্যাকে ফিরে বিশ্ব চ্যাম্পিয়নও হন। রাশ সিনেমারই একটি দৃশ্যে চিরপ্রতিদ্বন্দ্বী হান্টকে নিজের সেই বাঁচার প্রবল ইচ্ছা, ফেরার তাড়নার কথা শোনাতে গিয়ে লাওডা বলেছিলেন, ‘আমি কীভাবে বেঁচে উঠেছি, জানো? তোমার কারণে। হাসপাতালের বিছানায় আমি যখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি, তুমি তখন একের পর এক শিরোপা জিতছ—এ দৃশ্য সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। তোমাকে আবারও চ্যালেঞ্জ জানানোর ইচ্ছেটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার আবারও ট্র্যাকে ফেরার কৃতিত্বটা তোমারও।’
আচ্ছা, এ রকম কৃতজ্ঞতা কি মনে মনে রোনালদো মেসিকে, কিংবা মেসি রোনালদোকে জানান? তাঁরাও তো একে অন্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আবার সবচেয়ে বড় প্রেরণাও নন কি? মেসি-রোনালদো ব্যাপারটা স্বীকার করুন না-করুন, বার্সেলোনা ও রিয়াল দুই ক্লাবেই খেলা সাবেক ডেনিশ ফরোয়ার্ড মাইকেল লাউড্রপ কিন্তু সে রকমই মনে করেন। সময়ের দুই সেরা ফুটবলারের দ্বৈরথ নিয়ে লাউড্রপ বলেছেন, ‘আমার মনে হয় রোনালদো-মেসির একে অন্যকে দরকার। একজন হ্যাটট্রিক করলেই আরেকজন সেটাকেও ছাড়িয়ে যেতে চায়।’
ডেনিশ কিংবদন্তি অবশ্য এ দুজনকে শুধু সময়ের সেরা ফুটবলার নয়, ঠাঁই দিয়েছেন সর্বকালের সেরাদের মধ্যেও, ‘ওরা শুধু এ যুগের সেরা ফুটবলার নয়। আমার মনে হয় ৩০ বছর পরে আমরা বিতর্ক করব মেসি, রোনালদো, ম্যারাডোনা না পেলে—কে সর্বকালের সেরা ফুটবলার।’ গোলডটকম।