একেই বুঝি বলে ভাগ্য...

পর্তুগিজ কোচ মারিও লেমোসফাইল ছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌভাগ্য আর কাকে বলে! ২০১৮ সালের শুরুতে মাত্র তিন মাসের চুক্তিতে জাতীয় দলের ফিটনেস কোচ হিসেবে বাংলাদেশে প্রথম পা রেখেছিলেন মারিও লেমোস।

তাঁর অধীন খেলোয়াড়দের ফিটনেসের চোখে পড়ার মতো উন্নতি হয়েছিল। তিন মাস পর চুক্তি বাড়ানোর কথা থাকলেও সেটি না হওয়ায় বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ার ফুটবলে পাড়ি জমান এই পর্তুগিজ।

প্রায় তিন বছরের ব্যবধানে সেই লেমোসের হাতেই উঠে গেল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব।

৮ থেকে ১৭ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় প্রাইম মিনিস্টার রাজাপক্ষে চার জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেমোসকে।

এবারই প্রথম যেকোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ৩৫ বছর বয়সী এই পর্তুগিজ। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ছুটি কাটাচ্ছেন তিনি। শিগগিরই ঢাকা ফিরে ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার কথা তাঁর।

প্রথমবারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন লেমোস
ফাইল ছবি: প্রথম আলো

২০১৬ সালে এশিয়ান কাপের প্রাক্‌-বাছাইয়ে ভুটানের কাছে হারার ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিল বাংলাদেশ। লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), কাতার ও থাইল্যান্ড মিলিয়ে প্রায় দেড় মাস অনুশীলন করে জাতীয় দল।

এর মধ্যে কাতারে ছিল দুই সপ্তাহের বিশেষ কন্ডিশন ক্যাম্প। শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য সেখানকার জিমনেসিয়ামের আধুনিক সুযোগ-সুবিধাগুলোই কাজে লাগিয়েছিলেন লেমোস। প্রায় প্রতিদিনই ছিল এক সেশন জিম।

লাওসের বিপক্ষে মাঠেও এর ফল মিলেছিল। ভিয়েনতিয়েনে ২-০ গোলে পিছিয়ে পড়লেও তরুণ জাফর ও মাহবুবুরের শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানে ড্র। প্রায় ১৭ মাস পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে যে ড্র বাংলাদেশের কাছে ছিল জয়ের সমান!
লেমোস দলের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তন এনেছিলেন, তা হলো খাদ্যাভ্যাসের।

প্রায় দেড় মাসের অনুশীলন ক্যাম্পে পুরোপুরি নিষিদ্ধ ছিল মিষ্টিজাতীয় খাবার। এমনকি চা বা কফিতেও চিনি খাওয়ার সুযোগ ছিল না। ফিটনেস কোচ হিসেবে তাঁর কাজের প্রশংসিত হয়েছিল। তবে বাফুফের সঙ্গে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। মালয়েশিয়ার ক্লাব নেগেরি সেম্বিলানের ডাকে সাড়া দিয়ে নাম লেখালেন মালয়েশিয়ান সুপার লিগে।

আবাহনী কোচের দায়িত্বে ছিলেন লেমোস
ফাইল ছবি: প্রথম আলো

বছর শেষেই আবার বাংলাদেশে লেমোস। তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশে ফেরার রাস্তাটা করে দেয় আবাহনী লিমিটেড। তত দিনে বাংলাদেশের ফুটবলে নতুন শক্তি হিসেবে বসুন্ধরা কিংস চলে এসেছে। চ্যাম্পিয়ন আবাহনীর শিরোপা ধরে রাখা হয়ে ওঠে কঠিন কাজ।

শেষ পর্যন্ত বসুন্ধরার চেয়ে ৫ পয়েন্ট পেছনে থেকে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় আবাহনী। তবে বাংলাদেশের ফুটবল তাঁকে মনে রাখবে ২০১০ সালে ভাঙাচোরা আবাহনী নিয়ে এএফসি কাপে ইতিহাস গড়ার জন্য।

এএফসি কাপে আকাশি-নীলদের প্রথমবার নিয়ে যান আন্ত–আঞ্চলিক টুর্নামেন্টের সেমিফাইনালে। লেমোসের বয়স তখন ছিল মাত্র ৩২। সেরা চমকটা আবাহনী দিয়েছিল ঢাকায় সেমিফাইনালের প্রথম পর্বে।

উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভকে ৪-৩ গোলে হারিয়ে। যদিও দ্বিতীয় লেগে পিয়ংইয়ংয়ে ২-০ গোলে হেরে যাওয়ায় ইতিহাস গড়ার দৌড়টা এগোনো যায়নি। কিন্তু দারুণ ওই সাফল্যের পর লেমোসের আবাহনী থুবড়ে পড়ে ঘরোয়া ফুটবলে। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও লিগে টানা ব্যর্থ হয়েছে আবাহনী। বসুন্ধরা কিংসের দাপটে ম্রিয়মাণ আবাহনী এবারের লিগে হয়েছে তৃতীয়।

আবাহনীর শক্তি কমেছে। তবে ৩২ বছরের সেই ফিটনেস কোচ লেমোসের কাঁধও হয়েছে চওড়া। দেখা যাক জাতীয় দলের দায়িত্বে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন তিনি।