একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বার্সেলোনা

জাভির দুশ্চিন্তা দিনদিন বাড়ছেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার এই মৌসুমের চিত্রনাট্য যেন গ্রিক ট্র্যাজেডিতে রূপ নিচ্ছে। মৌসুমের অর্ধেক বাকি আছে, এমন অবস্থাতেই লা লিগা জেতার স্বপ্ন ছেড়ে দিয়েছে দলটি। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে। গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে। আর কাল রাতে শেষ ষোলোতে অ্যাথলেটিক বিলবাওর কাছে হেরে বাদ পড়েছে কোপা দেল রে থেকেও। এখন দলটির এই মৌসুমে কিছু জেতার আশাটা ইউরোপা লিগ ঘিরেই।

বার্সেলোনার দুঃস্বপ্ন কাল রাতে এখানেই শেষ হয়নি। গত সপ্তাহেই চোট থেকে ফেরা আনসু ফাতিকে মাঠে নামিয়েছিলেন জাভি। গতকালও দলের জন্য বদলি নামানো হয়েছিল তাঁকে। কিন্তু অতিরিক্ত সময়ের শুরুতেই চোটে পড়েন ফাতি। কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।

আবারও চোটে পড়েছেন ফাতি
ছবি: বার্সেলোনা ওয়েবসাইট

গতকাল বিলবাওয়ের বিপক্ষে মূল একাদশে ছিলেন না ফাতি। এক ঘণ্টা পর তাঁকে মাঠে নামানো হয়। একাডেমির ফেরান জাগলার বদলে নেমে ভালোই করছিলেন। কিন্তু ৯৬ মিনিটে হঠাৎ মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। প্রাথমিকভাবে ঊরুতে চোট পেয়েছেন বলেই মনে হয়েছে। এ সময় কাঁদতে কাঁদতে মাঠ থেকে উঠে যান ফাতি। চোট যে গুরুতর, সেটা বোঝা গেছে যখন ডাগআউটে না গিয়ে সরাসরি টানেলে চলে যান বার্সেলোনার নতুন ‘নাম্বার টেন।’

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি এ ব্যাপারে বলেছেন, ‘আগামীকাল এ ব্যাপারে দেখব। সে ব্যথা পেয়েছে কিন্তু কাল জানতে পারব কী অবস্থা।’ ফাতির সঙ্গে জর্দি আলবা, জেরার্দ পিকে এবং পেদ্রিও কিছুটা ব্যথা পেয়েছেন ম্যাচে। বার্সেলোনা পরে টুইট করে ফাতি কোথায় চোট পেয়েছেন, সেটা নিশ্চিত করেছে, ‘আনসু ফাতি বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট পেয়েছেন। চোট কতটা গুরুতর, সেটা জানতে আরও বেশ কিছু পরীক্ষা করতে হবে।’

কাল বদলি নেমেছিলেন ফাতি
ছবি: এএফপি

স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, ৪ থেকে ৬ সপ্তাহ লাগবে এই চোট থেকে সুস্থ হতে। ফাতির চোটের ইতিহাসও বার্সেলোনাকে স্বস্তি দিচ্ছে না। ২০১৯–২০ মৌসুমে আবির্ভাবে চমকে দেওয়া ফাতি যে এখন চোটের সঙ্গেই যুদ্ধ করে চলেছেন।
মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। ১৭ বছর পূর্ণ হওয়ার আগে পেশাদার ফুটবলে প্রথম গোলও করেছেন। বার্সেলোনার ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা সে মৌসুমে আলো ছড়িয়ে স্পেন জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন।

পরের মৌসুমটাও শুরু হয়েছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই ২ গোল। এল ক্লাসিকোর ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান অক্টোবরের মধ্যেই। কিন্তু নভেম্বর থেকে যত সমস্যার শুরু। গোড়ালিতে চোট পেলেন, তাতে পুরো মৌসুমটাই শেষ হয়ে গেল তাঁর। চোট থেকে ফিরতে ফিরতে ২০২১ সালের সেপ্টেম্বর।

কাঁদতে কাঁদতে মাঠ থেকে উঠে যান ফাতি
ছবি: বার্সেলোনা ওয়েবসাইট

তত দিনে অনেক কিছু বদলে গেছে। মেসি বার্সেলোনা ছেড়েছেন, তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি ফাতির পিঠে চড়েছে। চোট কাটিয়ে ফাতি মাঠে ফেরেন ২৬ সেপ্টেম্বর লেভান্তের বিপক্ষে। ম্যাচের শেষ ৯ মিনিট মাঠে ছিলেন। এর মধ্যেই এক গোল করে সমর্থকদের মেসির চলে যাওয়ার দুঃখে কিছুটা প্রলেপ দিয়েছেন। কিন্তু এক মাস পর আবার চোটে পড়েছেন। পুরোনো গোড়ালির সমস্যা কাটিয়ে এক সপ্তাহ পরে ফিরেই গোল করেছিলেন। কিন্তু তাড়াহুড়া করে ফেরার মাশুল দিলেন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে। আবার দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যান ফাতি।

এই মাসের শুরুতেই অনুশীলনে ফিরেছেন ফাতি। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে অনেকটা মরিয়া হয়েই তাঁকে ফিরিয়েছেন জাভি। তখন অনেকেই আশঙ্কা করেছিল, পুরো সুস্থ হওয়ার আগে এভাবে ফেরানো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু রিয়ালের বিপক্ষে বদলি নেমে গোল করায় সে শঙ্কার কথা তখন পাত্তা পায়নি। কিন্তু গতকাল ফাতির ওভাবে মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর নিশ্চয়ই আবার শঙ্কা পেয়ে বসেছে বার্সেলোনাকে।