এখন খেলাতেই মন রবিনহোর

সোনায় সোহাগা বুঝি একেই বলে! ব্রাজিল জাতীয় দলে আবার ডাক পাওয়াটাই ছিল অপ্রত্যাশিত। কিন্তু শুধু ডাকই তো পাননি, গুঞ্জন উঠেছে, শুক্রবার কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে রবিনহো পেয়ে যেতে পারেন অধিনায়কত্বও। সান্তোসের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড অবশ্য অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না। বলেছেন, কোচ কার্লোস দুঙ্গা তাঁকে অধিনায়ক করুন না করুন, তাঁর ভাবনায় কোনো পরিবর্তন আসবে না। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা রবিনহোর ভাবনা একটাই, পারফরম্যান্স দিয়ে দলে জায়গা পাকা করা। গোলডটকম।
কোচ দুঙ্গার সঙ্গে রবিনহোর সম্পর্কটা দারুণ। দুঙ্গার প্রথম মেয়াদে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ ম্যাচ খেলেছিলেন তিনিই। ৫৩ ম্যাচে করেছিলেন ২১ গোল। ২০১১ সালের কোপা আমেরিকার পরই দলে অপাঙ্ক্তেয় হয়ে পড়েন রবিনহো। অবশেষে গত বছরের অক্টোবরে লুইস ফেলিপে স্কলারির দলে ডাক পান রবিনহো। নভেম্বরে চিলির বিপক্ষে গোলও করেছিলেন। তবু স্কলারি বিশ্বকাপের দলে রাখেননি তাঁকে। রবিনহো নিজেই আবার জাতীয় দলের জার্সি পরে খেলার আশা একরকম ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দুঙ্গা দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিতেই খুলে গেল রবিনহোর ভাগ্য। প্রথমে অবশ্য দলে ছিলেন না। কিন্তু চোটের কারণে হাল্ক ছিটকে পড়ায় কপাল খুলেছে রবিনহোর।
চোটের কারণে অধিনায়ক থিয়াগো সিলভা না থাকায় তাঁর সম্ভাব্য উত্তরসূরি হওয়ার দৌড়ে রবিনহো থাকতেই পারেন। কিন্তু ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলা অভিজ্ঞ এই ফরোয়ার্ড বলছেন, ‘যদি দুঙ্গা আমাকে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচন করেন, তার জন্য আমি তৈরি। তবে নেইমার বা ডেভিড লুইজের মতো অন্য খেলোয়াড়েরাও এটির দাবিদার। তবে আমার কথা যদি বলেন, দুঙ্গা আমাকে অধিনায়ক করুক না করুক, সবকিছুই একই রকম থাকবে। আমার আচরণ-মনোভাবে পরিবর্তন আসবে না।’