কংক্রিটের টুকরা, পাথর, ধাতবমুদ্রা—মঙ্গলবার এসবের আঘাতই সইতে হয়েছে আলবেনিয়ার ফুটবলারদের। শুধু তা-ই নয়, আলবেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অভিযোগ, সার্বিয়ান সমর্থক, মাঠকর্মী, নিরাপত্তারক্ষী, পুলিশ—সবাই মিলেই আক্রমণ করেছে তাদের খেলোয়াড়দের। এএফএর সভাপতি আঘাত পেয়েছেন ছুড়ে মারা একখণ্ড কংক্রিটের। শুধু ড্রোন-কাণ্ডের পরেই নয়, ম্যাচ শুরুর আগে থেকেই নাকি আক্রমণের লক্ষ্যবস্তু ছিল আলবেনিয়ানরা। অভিযোগ উঠেছে, স্টেডিয়ামে আসার পথে দলটির টিমবাসও আক্রান্ত হয়েছে। উল্টো দিকে সার্বিয়ার দাবি, আলবেনিয়ানদের ‘উসকানিতেই’ ঘটেছে এত সব।
দুই দেশ যখন পরস্পরকে দোষারোপ করছে, তখন তদন্ত শুরু করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি দুই দেশের ফুটবল সংস্থাকেই অভিযুক্ত করেছে।
বুধবার সার্বিয়ান এফএ ‘পূর্বপরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের’ অভিযোগ তোলে প্রতিপক্ষের বিরুদ্ধে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার দোষটাও তারা চাপিয়েছে আলবেনিয়ানদের ওপর। তবে কাল সকালে নিজেদের ওয়েবসাইটে পাল্টা-আক্রমণ করে আলবেনিয়া। সার্বিয়ার রাজধানীতে তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে সেসবের।
‘আমরা যখন স্টেডিয়ামে যাচ্ছিলাম সার্বিয়ান সমর্থকেরা তখনই আলবেনিয়ার বাসে পাথর ছুড়ে মারে’—বিবৃতির শুরু এই বাক্য দিয়েই। আলবেনিয়ান খেলোয়াড়েরা ওয়ার্মআপ শুরুর আগেই এএফএ সভাপতি আর্মান্দো দুকা কংক্রিটের আঘাত পান। ওয়ার্মআপের শেষ দিকে গ্যালারি থেকে উড়ে আসতে থাকে ধাতবমুদ্রা, লাইটারসহ আরও অনেক বস্তু। এ ছাড়া গ্যালারিভর্তি সার্বিয়ান সমর্থকেরা সারাক্ষণই আলবেনিয়ানদের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছে বলেও দাবি এএফএর। দলটির সহকারী কোচ আলতিন লালার দাবি টানেলেও আক্রমণ করা হয়েছে তাদের।
এ ছাড়া স্টেডিয়াম ছাড়ার আগে আলবেনিয়া দলের সব খেলোয়াড় ও কর্মকর্তার শরীর ও মালপত্র সার্ব পুলিশ তল্লাশি করেছে বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আলবেনিয়ানরা।
ঐতিহাসিকভাবেই বৈরী দেশ দুটির সম্পর্ক আরও অবনতি হয়েছে কসোভো যুদ্ধ নিয়ে। আলবেনিয়ান জনগোষ্ঠী-অধ্যুষিত কিন্তু সার্বশাসিত কসোভো ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে। কসোভো এখনো স্বীকৃতি পায়নি সার্বিয়ার। এএফপি, গার্ডিয়ান।