এখন চোখ রাঙাচ্ছে ভুটানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকির আলী আর চুপ থাকতে পারলেন না। সাতসকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব সাবেক শ্রীলঙ্কান ফুটবল তারকা নিজের হাহাকার গোপন রাখেননি। আশির দশকে আবাহনীর ‘ঘরের ছেলে’ মালদ্বীপের কাছে বাংলাদেশকে ৫ গোল খেতে দেখে গভীর বেদনাহত, ‘আগের বাংলাদেশ তো এমন ছিল না। কোথায় হারাল সেই বাংলাদেশ!’
‘কোথায় হারাল’ সেই গবেষণা না করলেও চলছে। বাংলাদেশ ফুটবল দলের অধঃপতনের ধারা শুরু কিছুদিন ধরে। আফগানিস্তানের কাছে ৪ গোল, তাজিকিস্তানের কাছে ৫, জর্ডানের কাছে ৮ গোল...শুধু হার আর হার। অবস্থা এমন যে, হালি হালি গোল খেতেই যেন সাম্প্রতিক সময়ে মাঠে নামছে বাংলাদেশ।
অথচ বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখনই সবচেয়ে দামি বিদেশি কোচিং স্টাফ। টম সেন্টফিটের মতো কোচ, ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর, দক্ষিণ আফ্রিকান ট্রেনার, নিউজিল্যান্ডের গোলরক্ষক কোচ। এই চারজন মালদ্বীপে বসে দেখলেন নাসিরউদ্দিন-আশরাফুল রানাদের বিনা লড়াইয়ে আত্মসমর্পণ। ৫ গোলে উড়ে যাওয়া দলের চার বিদেশি কোচের পেছনে মাসিক বেতন প্রায় ৩০ হাজার মার্কিন ডলার। থাকা-খাওয়াসহ আরও ১০ হাজার ডলার খরচ। কিন্তু কাঁড়ি কাঁড়ি ডলার খরচের প্রতিফলন মাঠের খেলায় নেই। কাজী সালাউদ্দিন তাই সুদূর যুক্তরাষ্ট্র থেকে অসহায়ভাবে বলেন, ‘আমি আর কী করতে পারি। আমি তো খেলে দিতে পারি না মাঠে নেমে।’
কিন্তু ফুটবল অঙ্গনে কাল দিনভর সবার মুখেই বিদ্রূপ আর হাহাকার। অনেকে এমন রসিকতাও করেন ‘মেয়েরা ১০ গোল দেয় আর ছেলেরা ৫ গোলে হারে!’ কেউ কেউ বলছেন, বিদেশে প্রস্তুতি ম্যাচে না পাঠিয়ে বাফুফের উচিত মেয়েদের সঙ্গে ছেলেদের ম্যাচ খেলানো! সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কঠোর সমালোচনা চলছে, হাসিঠাট্টার বানও ছুটছে। ছাপার অযোগ্য সব গালাগাল শুনে চুপসে গেছেন বাফুফের কর্মকর্তারা।
গত সাফের পর ফুটবল দলে শৃঙ্খলার অভাবও বেরিয়ে এসেছে। খেলোয়াড়দের অনেকেই মদপানে আসক্ত। তাঁদের মধ্যে আত্মনিবেদনের অভাবও স্পষ্ট। ঘণ্টায় ঘণ্টায় ফেসবুকে ছবি পোস্ট করা বেশির ভাগ ফুটবলারই দিনের অপরিহার্য কাজ মানেন। মালদ্বীপ যাওয়ার আগে-পরে মালে পৌঁছে ছবি তোলায় তাঁরা ব্যস্ত ছিলেন। পরদিন খেলা থাকলেও রাত জেগে ফেসবুকে পড়ে থাকেন অনেকে। এমনকি মাঠে ঢুকেও এই কাজটা কেউ কেউ করেন যত্নের সঙ্গে। বেশির ভাগ ফুটবলারের খেলায় মন নেই বলে রায় দিয়েছেন কর্তারাই।
এই ফুটবলারদের নিয়ে মাস তিনেক কাজ করার অভিজ্ঞতায় বিদায়ী কোচ ফাবিও লোপেজও এখন সরব। মালদ্বীপের কাছে ৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের তির ছোটালেন তিনিও, ‘এটিই বাংলাদেশের ফুটবলে সবচেয়ে মেধাহীন প্রজন্ম।’ ‘ফেইক’, ‘ফেইক’ লিখে মন্তব্য করেন, ‘বাংলাদেশের এই ফুটবলারদের সামর্থ্যই আসলে নেই।’
অথচ পেছনে আছে উজ্জ্বল এক অতীত। ১৯৮৫ সালে সাফ গেমসে ঢাকায় বাংলাদেশ ৮-০ গোলে ভাসিয়ে দিয়েছিল মালদ্বীপকে। ৩১ বছর পর পরশু বাংলাদেশকে সেই লজ্জা যেন ফিরিয়ে দিল মালদ্বীপ। যা দেখে উজ্জীবিত ভুটানের কোচ পেমা দর্জি পর্যন্ত এখন বাংলাদেশকে হারানোর কথা মুখ ফুটে বলতে পারছেন। কাল ঢাকায় এসেই বলে দিলেন, ‘আমরা চাইব এখান থেকে জয় নিয়ে ফিরতে।’ ভুটানের খেলোয়াড়দের শরীরী ভাষায় বিরাট এক পরিবর্তন দেখা গেল কাল। উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুশীলনের আগে বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গ তুললে অলক্ষ্যে বোঝা গেল, ভেতরে-ভেতরে চোখ ঠিকই রাঙাচ্ছে ভুটান।
এ রকম অবস্থায় অনেকটা নির্বাক সেন্টফিট। সদ্য বাবা হওয়ার সব আনন্দই তাঁর মাটি করে দিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। ম্যাচের পর রাগে-ক্ষোভে ফেটে পড়েন এই বেলজিয়ান। কিন্তু সব হতাশা একপাশে রেখে কাল সকালেই দল নিয়ে অনুশীলনে নামেন। তারপর দুপুরে ওঠেন বিমানে।