এখন টাকার সন্ধানে বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সংবাদ সম্মেলনে চার বছরের পরিকল্পনা ঘোষণা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশের ফুটবলে আগে কখনো এমন দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেওয়া হয়নি। তবে পরিকল্পনা প্রণয়নের পর অর্থের সংস্থানই বাফুফের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এমনিতে ২০১৭ থেকে প্রতিবছর ফিফার কাছ থেকে ১২ লাখ ডলার (সাড়ে ৯ কোটি টাকা) পাওয়ার সুযোগ আছে। সব শর্ত পূরণ করে পুরো টাকাটা হয়তো পাওয়া যাবে। এএফসির কাছ থেকেও বছরে ২ কোটি টাকা জুটবে। কিন্তু এতেও প্রয়োজন মিটবে না।

কারণ এবার ঘরোয়া সূচিতে রাখা হয়েছে হিমাগারে ঢুকে পড়া দুটি টুর্নামেন্ট শেরেবাংলা কাপ জাতীয় ফুটবল ও সোহরাওয়ার্দী কাপ যুব ফুটবল। সঙ্গে তৃণমূল পর্যায়ে বেশ কিছু প্রশিক্ষণ সূচি আছে। এত সব আয়োজনের জন্য ফিফা ও এএফসির অনুদানের বাইরে বছরে আরও ৭-৮ কোটি টাকা প্রয়োজন মনে করছে বাফুফে। ওই টাকার জন্য বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন সালাউদ্দিন। ৩১ ডিসেম্বরের আগেই অর্থের সংস্থান করে ফেলবেন বলে ঘোষণাও তিনি দিয়েছেন।

সালাউদ্দিন বলেছেন, ‘পরিকল্পনা যখন দিয়েছি, এটি বাস্তবায়নের দায়িত্বও আমাদের। সেই তাগিদেই আমরা এখন টাকা সংগ্রহে নেমেছি। এমনভাবে আমাদের এ পরিকল্পনা এগিয়ে নেওয়া দরকার, যাতে কোনো কিছু হঠাৎ বন্ধ হয়ে না যায়।’ সালাউদ্দিন আশাবাদী, এই পরিকল্পনা বাস্তবায়নে টাকা বড় কোনো বাধা হবে না।