এখন তাঁরা রাজনীতির মঞ্চে

একসময় তাঁদের অনেকেই ফুটবল মাঠ কাঁপিয়েছেন। এবার কাঁপাবেন রাজনীতির মাঠও। তাঁদের নিজেদের প্রত্যাশা অন্তত সে রকমই। ওই উচ্চাকাঙ্ক্ষা নিয়েই ব্রাজিলের আসন্ন নির্বাচনে মাঠে নেমেছেন ২০ জনেরও বেশি সাবেক ফুটবলার। না, এঁদের সবাই নির্বাচন করছেন না। কেউ নিজেই প্রার্থী হয়েছেন, কেউ বা মাঠে নেমেছেন তাঁর পছন্দের প্রার্থীর হয়ে প্রচারণায়। তবে উদ্দেশ্য একটাই, রাজনীতিতে নিজের অথবা নিজের দলের অবস্থানটা আরও পোক্ত করা।
খেলোয়াড় থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া এই ফুটবলারদের সবাই যে খুব বিশ্বখ্যাত ছিলেন এমনও নয়। এখানে রোমারিও, বেবেতো, রোনালদোর মতো বিশ্বকাপজয়ী তারকারা আছেন। আছেন ফুটবলার হিসেবে মোটামুটি অখ্যাতরাও। হোয়াও লেইতের কথাই ধরুন। অ্যাটলেটিকো মিনেইরোর এই সাবেক গোলরক্ষক বিশ্ব ফুটবলে তো দূরের কথা, ব্রাজিল ফুটবলেও খুব বিখ্যাত কেউ ছিলেন না। কিন্তু এই ভদ্রলোকই মিনাস জেরাইস রাজ্যের পাঁচবারের নির্বাচিত সাংসদ, ষষ্ঠবারের জন্য প্রার্থী হয়েছেন ৫ অক্টোবরের নির্বাচনে। সব মিলিয়ে রাজনীতির মাঠে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার।

সেই তুলনায় এত ঝলমলে নয় ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সেরা খেলোয়াড় বেবেতোর রাজনৈতিক ক্যারিয়ার। বছর চারেক আগে বেবেতো রাজনীতিতে পা রেখেছেন ডেমোক্রেটিক লেবার পার্টির হয়ে। ২০১০ সালে ব্রাজিলের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়ে রিও ডি জেনিরোর আইনসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি ডেমোক্রেটিক লেবার পার্টির প্রার্থী।
২০ বছর আগের সেই বিশ্বকাপে বেবেতোর সঙ্গে জুটি গড়ে যিনি প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছিলেন, সেই রোমারিও এখন রাজনীতির মাঠে বেবেতোর প্রবল প্রতিপক্ষ। ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টি থেকে ২০১০ সালের নির্বাচনে তিনি কংগ্রেসম্যান নির্বাচিত হয়েছেন, এবার রিও ডি জেনিরো থেকে লড়ছেন সিনেটে আসনের জন্য। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ছাড়াও বেবেতো-রোমারিওকে আরও দূরে সরিয়ে নিয়ে গেছে ২০১৪ বিশ্বকাপ। রোমারিও শুরু থেকেই ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের বিরোধী ছিলেন, অন্যদিকে বেবেতো কাজ করেছেন স্থানীয় আয়োজক কমিটির সদস্য ও বিশ্বকাপ দূত হিসেবেও।

বিশ্বকাপ আয়োজন নিয়ে ভিন্ন অবস্থানের কারণে রোমারিওর ‘শত্রু’ হয়ে গেছেন আরও এক কিংবদন্তি, রোনালদো—দ্য ফেনোমেনন। রাজনীতির মাঠে রোনালদোকে অবশ্য রোমারিওর সরাসরি প্রতিপক্ষ বলা যাবে না। নির্বাচনে প্রার্থী হননি রোনালদো, তবে প্রচারণায় নেমেছেন সোশ্যাল ডেমোক্রেসি পার্টি থেকে দেশটির প্রেসিডেন্ট প্রার্থী আয়েসিও নেভেসের হয়ে।
ব্রাজিলে ফুটবল ও রাজনীতির যোগসূত্রটা কিন্তু বেশ পুরোনো। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় গণতন্ত্রের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলকে। ১৯৬৪ সালে চেপে বসা সামরিক স্বৈরতন্ত্র হটেছে ১৯৮৫ সালে। সামরিক জান্তার বিরুদ্ধে ব্রাজিলের তখনকার আন্দোলনেও জোরালোভাবেই শামিল ছিল ফুটবল। ১৯৮২ সালে যে আন্দোলনের শুরুটা করেছিলেন সাও পাওলোর দল করিন্থিয়ানসের দুই অধিনায়ক কিংবদন্তিতুল্য সক্রেটিস ও ভ্লাদিমির। ‘করিন্থিয়ান গণতন্ত্র’ নামে এক আন্দোলন গড়ে তুলে করিন্থিয়ানস ক্লাবকেই রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে আনার লড়াইয়ের মঞ্চে রূপ দিয়েছিলেন তাঁরা। যেটির ফলাফল, ১৯৮৫ সালে ব্রাজিলে সরাসরি নির্বাচন এবং গণতন্ত্রের পথে যাত্রা। অবশ্য সব সময় যে ব্রাজিলের খেলোয়াড়েরা এমন মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসেন এমনটা মনে করেন না সাও হোয়াও দেল রেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজবিজ্ঞানী ইউক্লিদেস দে ফ্রেইতাস কোওতো। তাঁর মতে, ‘একজন খেলোয়াড় তার ক্যারিয়ার শেষেও বয়সের বিচারে বেশ তরুণই থাকেন। তখন তিনি রাজনীতিকে বেছে নেন, কারণ তিনি জানেন, এখানে বেশি কাজ না করেও অনেক টাকা বানানো যায়।’
তবে রোনালদোর ব্যাপারটাকে ফ্রেইতাস কোওতো দেখেছেন একটু অন্যভাবে, ‘ও কোটিপতি, ওঁর এমনিতেই অনেক টাকা। ওঁর শুধু দরকার এই সম্পদকে আরও বাড়ানো। আর সে জন্য তাঁর মুক্তবাজারে বিশ্বাসী রাজনীতিবিদদের সাহায্য দরকার। সুতরাং তিনি আয়েসিওর সঙ্গে জোট বাঁধবেন, এটাই তো স্বাভাবিক।’ এএফপি।