এখন রুপালি ট্রফিতে চোখ জিদানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: এএফপি।
রিয়ালের খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: এএফপি।

রোমের ২-০ গোলের জয়টা রিয়াল মাদ্রিদকে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে রেখেছিল। কাল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও সেই রোমার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় জিনেদিন জিদানের দলকে নিয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

ইতালীয় দলটির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর কাল খোশমেজাজেই ছিলেন রিয়ালের কোচ জিদান। দ্বিতীয় রাউন্ডের বাধা ডিঙিয়ে সাবেক ফরাসি তারকার চোখ এখন ইউরোপ-সেরার আসনে, ‘চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন সবাই দেখে। আমরাও সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

প্রথম লেগে দুই গোলের ব্যবধান অনেকটাই সুবিধাজনক অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছিল রিয়ালকে। ঘরের মাঠে তারপরেও ব্লাঙ্কোসদের যথেষ্টই আক্রমণাত্মক দেখিয়েছে। শুরুতে রোমার মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহর ‘ওয়ান টু ওয়ান’ রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাস নস্যাৎ করে দেওয়ার পরপরই যেন নতুন করে আত্মবিশ্বাস খুঁজে পায় তারা। ক্রিস্টিয়ানো রোনালদো ও হামেস রদ্রিগেজের গোলে শেষ পর্যন্ত ঘরের মাঠের রাতটা নিজেদের করে নেয় দশবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা।

অতি আক্রমণাত্মক ঢংয়ে খেলার কৌশলকেই ম্যাচের আগে শ্রেয়তর মনে করেছিলেন কোচ জিদান, ‘রোমে ২-০ গোলে জিতে এসেছিলাম। এই ম্যাচটা বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই খেলতে নেমেছিলাম আমরা। কিন্তু আমাদের কৌশল ছিল আক্রমণাত্মক হওয়া। প্রথম লেগের ফল মাথায় না রেখেই আমরা আক্রমণ করে গেছি। ফলটা তো পেলাম হাতে হাতেই।’

আক্রমণ থেকে গোল আসছিল না দেখে কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিলেন জিদান। ম্যাচ শেষে তা স্বীকার না করে পারেননি, ‘গোল না পাওয়ায় একটু শঙ্কাতেই ছিলাম। আমাদের অতি-আক্রমণাত্মক মনোভাবও ফাঁক-ফোকর তৈরি করছিল। কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেললে এতটুকু ঝুঁকি আপনাকে নিতেই হবে। তবে আমরা বলের দখল রেখেছিলাম, বল আমরাই নিয়ন্ত্রণ করেছি আমাদের মতো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

শুধু আক্রমণে যোগ দেওয়াই নয়, রক্ষণ কাজটিও ভালোভাবেই সেরেছেন রিয়াল ডিফেন্ডাররা। এটাও প্রশংসিত জিদানের কাছে, ‘আক্রমণের সঙ্গে সঙ্গে রক্ষণের কাজটিও আমরা ভালো করেছি। এই জায়গাতে দলে উন্নতি খুব স্পষ্ট।’

ম্যাচের ১৪ মিনিটে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রোমা। রিয়ালের ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও তা বাইরে মেরে দেন জেকো। ২৮ মিনিটে নাভাসকে একা পেয়েও গোল করতে পারেননি সালাহ। ৩১ মিনিটে রোনালদোর শট ঠেকিয়ে দেন রোমা গোলরক্ষক। ৩৫ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন টনি ক্রুজ।

৫৬ মিনিটে দারুণ একটি সুযোগ হারায় রোমা। আলেসান্দ্রো ফ্লোরেন্সির শট ফিরিয়ে দেন নাভাস। ৬৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেজের পাস থেকে বক্সের সামান্য বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোলটি করেন রোনালদো। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি রোনালদোর ১৩তম গোল, ক্যারিয়ারে ৯০তম।

এগিয়ে যাওয়ার ৪ মিনিট পরই রদ্রিগেজের পা থেকে আসে রিয়ালের দ্বিতীয় গোল। কলম্বিয়ান ফরোয়ার্ডের গোলেই রোমার চোখ রাঙানি উপেক্ষা করে শেষ আটে পা দেওয়া নিশ্চিত করে ফেলে রিয়াল মাদ্রিদ। সূত্র: এএফপি।