এখন শিরোপার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশির পরও গ্যালারি থেকে সরেনি দর্শকেরা। যেন এইমাত্র শেষ হলো চৌরাসিয়ার বাঁশি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের হাজার ত্রিশেক দর্শক ছিল বিমুগ্ধ, মোহাবিষ্ট।
কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠা তো ইদানীং বাংলাদেশের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ম্যাচ শেষ হতেই স্বপ্নপূরণের নেপথ্য নায়ক লোডভিক ডি ক্রুইফকে কাঁধে তুলে নাচতে শুরু করে দিলেন ফুটবলার আর কর্মকর্তারা। আর ম্যাচ শুরুর আগেই তাঁর গলায় তুলে দেওয়া হয়েছিল লাল-সবুজের উত্তরীয়। ম্যাচ শেষে সারা মাঠে ওই লাল-সবুজই যেন ঢেউ তুলল।
গ্যালারি-ভর্তি দর্শকের সামনে জয় নিয়ে ফেরা—ডি ক্রুইফের বাংলাদেশ-অধ্যায়ের সবচেয়ে স্মরণীয় ম্যাচ এটিই। এমন জয়ের দিনে কোচ আলাদাভাবে কাউকে কৃতিত্ব দেননি, ‘প্রথম ৪৫ মিনিট খুবই দুর্দান্ত খেলেছে ছেলেরা। পরিকল্পনায় আমরা শতভাগ সফল। এ জন্য শুধু ম্যাচসেরা জাহিদ নন, সবাই প্রশংসা পাবে। আমি সবার পারফরম্যান্সে খুশি।’
মাত্র ১ গোলে জিতেছে বাংলাদেশ। কিন্তু কোচ একমাত্র গোলে সন্তুষ্ট ছিলেন না, ‘আমি বলব, ১-০ কোনো স্কোরই না। প্রতিপক্ষ যেকোনো সময় সেটি শোধ করে দিতে পারে। তাই দ্বিতীয়ার্ধে ওদের বলেছি দ্বিতীয় বা তৃতীয় গোলের জন্য চেষ্টা করতে।’ গ্যালারি-ভর্তি দর্শক দেখে খুবই খুশি ডি ক্রুইফ, ‘এত দর্শক দেখে কখনোই চাপে পড়িনি। চাপ সামলানো একজন কোচের নিয়মিত কাজ। এই স্টেডিয়ামে আমি সব সুখী মানুষের চেহারা দেখেছি। একজন কোচের জীবনে এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে!’
সেমিফাইনালে ওঠার আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কথা দিয়েছিলেন অধিনায়ক মামুনুল। কাজী সালাউদ্দিন এই দলের ওপর বিশ্বাস রেখেছিলেন বলে কালও কৃতজ্ঞতা জানালেন অধিনায়ক, ‘সবার প্রথমেই আমি সভাপতিকে ধন্যবাদ দেব। কারণ শেষবারের সাক্ষাতে উনি বলেছিলেন, এই দলের ফাইনালে খেলার যোগ্যতা আছে। ওনার আমাদের ওপর আস্থা ছিল। আমরা আস্থার প্রতিদান দিতে পেরেছি।’
ম্যাচের ৭৮ মিনিটে জাহিদকে তুলে নেন কোচ। কিন্তু যেটুকু সময় খেলেছেন তাতেই তিনি ম্যাচসেরা। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের এই পুরস্কার জিতে এবার চাইছেন স্বপ্নের ট্রফিটাকে, ‘দলকে চ্যাম্পিয়ন করতে পারলে সেটাই হবে আমার ক্যারিয়ারের সেরা খেলা।’