এখন 'একই নৌকার অভিযাত্রী' রিয়াল

অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের পর অসতর্ক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। ক্লাবের অন্য খেলোয়াড়দের অপমান করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন অভিযোগও উঠেছিল। রিয়াল মাদ্রিদ সতীর্থদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। তবু একটা কাজ বাকি ছিল, মাঠে সবকিছুর জবাব দেওয়া। লেভান্তের মাঠে পরশু সেটিও করে ফেললেন রোনালদো। এক গোল করলেন, করালেন আরেকটি। পর্তুগিজ অধিনায়কের উদ্ভাসিত নৈপুণ্যে পরশু লেভান্তেকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।
সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকোর কাছে হেরে লিগ শিরোপার লড়াই থেকে কার্যত ছিটকে গেছে রিয়াল। ম্যাচ শেষে হতাশ রোনালদো সেদিন মুখ ফসকে বলে ফেলেছিলেন, ‘যদি সবাই আমার মানের হতো, তাহলে আমরাই লিগের শীর্ষে থাকতাম।’ যদিও পরে বিষয়টিকে শুধুই ‘শারীরিক সক্ষমতা সম্পর্কে বলেছিলেন’ জানিয়ে নিজের মন্তব্য সংশোধন করে নিয়েছেন। তবু এ নিয়ে চলা বিতর্ক, আলোচনা-সমালোচনা মিলিয়ে লেভান্তের মাঠে পরশু আগ্রহের কেন্দ্রে ছিলেন রোনালদো।
সেটি অগ্রাহ্য করেননি ‘সিআর-৭’। পেনাল্টি থেকে দলের প্রথম গোল করেছেন, ম্যাচের শেষ মুহূর্তে ইসকোর করা রিয়ালের তৃতীয় গোলটিও তাঁর বানিয়ে দেওয়া। রোনালদোর এমন পারফরম্যান্স তাঁর নিজের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি দরকার ছিল রিয়ালেরও। অধিনায়ক রামোস ও ডিফেন্ডার কারভাহাল নিষেধাজ্ঞা কাটাচ্ছেন, চোট কেড়ে নিয়েছে মদরিচ-বেল-বেনজেমাকে।
খর্বশক্তির দল নিয়েও জয় পাওয়াটাই তাই তৃপ্তি দিচ্ছে জিনেদিন জিদানকে। অ্যাটলেটিকো ম্যাচের পর খেলোয়াড়দের আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ম্যাচের পর উল্টো তাঁদের প্রশংসাই করেছেন রিয়াল কোচ, ‘দলে এত পরিবর্তন এলে সবকিছুই কঠিন হয়ে পড়ে। কিন্তু সবার প্রচেষ্টা ও নিবেদনের কারণেই এমন দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি জয় নিয়ে ফিরতে পারলাম।’
তবে ঘুরেফিরে রোনালদোর বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গটা উঠেছেই। তাতে সতীর্থর পাশেই দাঁড়ালেন এই ম্যাচের অধিনায়ক পেপে, ‘ওসব অতীত। আমরা কথা বলেছি। কোচ যেমনটা বলেছেন, আমরা সবাই একই নৌকার যাত্রী।’ এএফপি।