এখনই উদ্বিগ্ন নয় রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে মনে হয়তো পরিকল্পনা করে রেখেছিলেন, পরের জুন-জুলাইতে বড় কাউকে দলে নিয়ে আসবেন। কে জানে ফ্লোরেন্তিনো পেরেজকে হয়তো একটা চাহিদাপত্রও দিয়েছিলেন। কিন্তু এখন অবস্থা যা দাঁড়াল, চলতি জানুয়ারিতেই কিছু খেলোয়াড় কিনে ফেলতে হবে জিনেদিন জিদানকে। দলবদলে সামনের দুটি পর্বে যে কোনো খেলোয়াড় কিনতে পারবে না রিয়াল মাদ্রিদ! অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নেওয়ার জন্য দলবদলে নিষিদ্ধ হয়েছে স্প্যানিশ ক্লাবটি। মজার ব্যাপার, অপ্রাপ্তবয়স্ক এই খেলোয়াড় তালিকায় খোদ কোচ জিদানের চার ছেলেরও নাম আছে!
তবে রিয়াল আশা করছে, জিদানের সন্তানদের ওপর এই নিষেধাজ্ঞা থাকবে না। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের আন্তর্জাতিক দলবদলের ক্ষেত্রে ফিফার বিধিবদ্ধ বেশ কিছু শর্ত আছে। রিয়ালের দাবি, জিদানের স্ত্রী ভেরোনিক স্পেনের নাগরিক বলে জিদানের সন্তানদেরও স্পেনের নাগরিকত্ব আছে। অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের আন্তর্জাতিক দলবদলে তাই এই আইন খাটে না। সংবাদ সম্মেলনেই রিয়ালের ক্লাব পরিচালক হোসে অ্যাঙ্গেল সানচেজ দাবি করেছেন, জিদানের ছেলেদের ছাড়া বাকিদের ক্ষেত্রে রিয়াল নিয়ম মেনেই দলবদল করেছে। আর প্রতিটি খেলোয়াড় নেওয়ার আগেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে তা জানানো হয়েছে।
তবে এখনই জিদানের খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। রিয়াল জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাবে। সেখানে প্রত্যাখ্যাত হওয়ার আগ পর্যন্ত হয়তো নিষেধাজ্ঞা কার্যকর না-ও হতে পারে। সে ক্ষেত্রে সামনের গ্রীষ্মকালীন দলবদলে হয়তো অংশ নেওয়া সম্ভব হতেও পারে। বার্সেলোনার ক্ষেত্রেও ব্যাপারটা এমনই ছিল। রায়ের প্রায় নয় মাস পর বার্সার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তার ওপর মার্টিন ওডেগার্ডদের মতো যেসব খেলোয়াড় ধারে খেলতে গেছেন, দরকার হলে তাঁদেরও ডেকে আনা যাবে।
তবে আপাতত জিদানের এসব নিয়ে ভাবার সময় নেই। আগামীকালই লা লিগায় স্পোর্টিং গিজনের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ম্যাচটা এই গিজনের সঙ্গেই ড্র করেছিল রিয়াল।
রিয়ালের মতো দলবদলে নিষেধাজ্ঞা পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তবে পরশু তাদের খেলায় সেটির অন্তত কোনো প্রভাব ছিল না। রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে হারিয়ে উঠে গেছে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে। এএফপি।