এখনই কোচ হতে চান না রাউল

নভেম্বরে নর্থ আমেরিকান সকার লিগ শেষে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন আগেই। পরশু ৩৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেস জানিয়েছেন, কোচ হিসেবে শিগগিরই ফুটবলে ফেরার কথা ভাবছেন না তিনি।
২১ বছরের ক্যারিয়ারের ১৬ বছরই কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। জিতেছেন ৩টি চ্যাম্পিয়নস লিগ ও ৬টি লা লিগা। ২০১০ সালে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পর শালকে জিরো ফোর ও কাতারের আল-সাদ ক্লাব ঘুরে এ বছর থিতু হয়েছেন নিউইয়র্ক কসমসে। খেলা ছাড়ার পর যেখানে কোচিংয়ে নতুন ক্যারিয়ার গড়ছেন সমসাময়িক অনেক ফুটবলার, সেখানে এখনই এই স্প্যানিশ স্ট্রাইকারের ভাবনায় সেটি নেই, ‘নিজেকে কোচ মনে করি না আমি। আগামী কয়েক বছরের মধ্যে কোচ হওয়ার ইচ্ছেও আমার নেই।’
তবে একেবারেই যে কোচ হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন তা-ও নয়, ‘কোচ হওয়ার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আমি তো কিছু শুরুই করিনি। অবশ্য সফল একটি দলকে কোচিং করানোর ইচ্ছে আমার আছে।’ আপাতত অবসর সময়টা পরিবারকে দেওয়ার কথাই ভাবছেন সাবেক স্পেন অধিনায়ক, ‘আপাতত আমি পরিবারের সঙ্গে থাকব। এরপর দেখব আকর্ষণীয় কোনো কাজ পাওয়া যায় কি না।’ রয়টার্স।