এখনই ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের বিপক্ষে ড্রয়ের পর নেইমার। ছবি: রয়টার্স
ইরাকের বিপক্ষে ড্রয়ের পর নেইমার। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর নেইমার বলেছিলেন, ‘এই ড্র হারের সমান।’ আজ ইরাকের বিপক্ষে আরও একটি গোলশূন্য ড্রয়ের পর নেইমার কী বলবেন! ১৯৭২ সালের পর এই প্রথম অলিম্পিক ফুটবলে নিজেদের প্রথম দুটি ম্যাচে গোল করতে ব্যর্থ ব্রাজিলের কোচ রোজারিও মিচেল তো পারলে পালিয়েই বাঁচেন! শক্তি-সামর্থ্যে অনেকটাই পিছিয়ে থাকা যুদ্ধবিধ্বস্ত ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর দর্শকদের ধিক্কার কুড়িয়ে ব্রাজিল কোচ এখন ক্ষমাই চাইছেন!
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন পর্যন্ত অলিম্পিক ফুটবলে সোনা জিততে পারেনি। এবারই মোক্ষম সুযোগ—এমনটাই মনে করা হচ্ছিল। ঘরের মাঠ, চেনা দর্শক। কিন্তু দর্শকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিদান দেওয়া তো দূরের কথা, প্রথম দুই ম্যাচে গোলহীন ড্র ব্রাজিলকে দাঁড় করিয়ে দিয়েছে অলিম্পিকের লড়াই থেকে বিদায়ের মুখে। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ককে হারাতে না পারলে হয়তো গ্রুপ পর্বেই বাদ পড়তে হবে নেইমারদের।
আশা এখনো শেষ হয়ে যায়নি। এখনই মিচেলের ক্ষমা চেয়ে নেওয়া কি তবে রণে ভঙ্গ দেওয়া? ব্রাজিল কোচ অবশ্য তেমন কিছু না বললেও জানিয়েছেন, তাঁর ক্ষমা চাওয়াটা ব্রাজিলের ফুটবলপাগল দর্শকদের প্রত্যাশা মেটাতে না পারার জন্যই, ‘আমরা ইরাকের বিপক্ষে নিজেদের খেলাটাই খেলতে পারিনি। আজকে দর্শকেরা আমাদের জন্য বিপুল সমর্থন নিয়ে মাঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা কেবল দুয়োই শুনেছি। আমরা যেহেতু তাদের প্রত্যাশার প্রতিদান দিতে পারিনি, তাই তাদের কাছে ক্ষমাই চাইছি।’ 

এমনিতেই রিও অলিম্পিক নিয়ে ব্রাজিলের রাজনীতির অঙ্গন রীতিমতো উত্তপ্ত। গোটা দেশই এই অলিম্পিক আয়োজনের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত। চরম অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ ফুটবল আয়োজনের দুই বছরের মাথায় অলিম্পিকের মতো এত বিশাল একটি আয়োজন ব্রাজিলকে অর্থনৈতিকভাবে পঙ্গুত্বের দিকেই ঠেলে দেবে বলে শঙ্কা সিংহভাগ মানুষের। এমন একটা পরিস্থিতিতে ফুটবলের সাফল্যই কেবল পারে ব্রাজিলের মানুষের মন থেকে সব খেদ দূরে ঠেলতে।
অলিম্পিক ফুটবলে সাফল্য না পেলে ব্রাজিল কোচকে হয়তো সত্যি সত্যিই দুই হাত এক করেই ক্ষমা চাইতে হবে। সূত্র: এএফপি।