এখনই গোধূলি নয় রোনালদোর

ব্যালন ডি’অরের মতো এই পুরস্কারের মঞ্চটা অত ঝলমল নয়, এটির জন্য তৃষিত অপেক্ষাও থাকে না। তবে ইউরোপের সেরা সাংবাদিকদের ভোটে পাওয়া পুরস্কারের অন্য রকম একটা আবেদন তো আছেই। উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যেমন হাসিমুখে বললেন, পুরস্কারটা তাঁর কাছে দারুণ কিছু।
বয়স ৩১, ফুটবলারদের জন্য এই বয়সেই গোধূলিবেলার রেখা স্পষ্ট হয়ে উঠতে থাকে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার-সূর্য এখনো মধ্যগগনে থেকেই আলো ছড়িয়ে যাচ্ছে। নিজেই বলেছেন ক্যারিয়ারের অন্যতম সেরা একটা বছরই এবার কাটিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমে আবারও ৫০টির বেশি গোল করেছেন, ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রিয়ালকে নিয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। আর পর্তুগালের হয়ে ইউরো জয় তো স্বপ্নের চেয়েও বেশি কিছু। এই পুরস্কার তো সিআর-সেভেনের হাতেই ওঠার কথা!
তবে রোনালদো নিজে বলেছেন প্রতিদ্বন্দ্বী আঁতোয়ান গ্রিজমানের কথা, ‘আমার মনে হয় এই ট্রফিটা গ্রিজমানের প্রাপ্য। ওর ভাগ্যটা আসলেই খারাপ, দুটি ফাইনালে সে হেরেছে। কিন্তু সে অসাধারণ একজন খেলোয়াড়। অবশ্যই সে একদিন এটা জিতবে।’
আপাতত দ্বিতীয়বারের ট্রফিটা রোনালদোর হাতে। দুই বছর আগে প্রথমবারের মতো ইউরোপ-সেরা হয়েছিলেন। তবে দ্বিতীয় ট্রফি নিয়েই থেমে থাকতে চান না রোনালদো, আরও ১০ বছর খেলে যেতে চান এবং সেটি রিয়াল মাদ্রিদের হয়েই।
রিয়ালের হয়ে যা জেতার তার তো প্রায় সবই জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চান, এ রকম ইঙ্গিতও দিয়েছিলেন গত বছর। তবে পরশু রোনালদো বললেন, রিয়ালের হয়ে খেলেই তুলে রাখতে চান বুটজোড়া, ‘আমার এখন এ রকমই ইচ্ছা। আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি। এখানে আরও ১০ বছর খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই। রিয়ালের সঙ্গে চুক্তিটাও আমি বাড়াতে চাই।’
রিয়ালের সঙ্গে আপাতত ২০১৮ পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। সেই পর্যন্ত তাঁর বয়স হবে ৩৩, তাহলে আগের কথামতো ৪১ বছর বয়স পর্যন্ত খেলতে চাইবেন। রোনালদোর কথা শুনে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও বলে দিয়েছেন, রিয়ালেই তাঁকে অবসর নেওয়ার সুযোগ করে দেবেন। মার্কা, ইএসপিএন।