এখনই প্রস্তুত নন জিদান

পায়ের নিচের মাটি হঠাৎ করেই আলগা হয়ে গেল। এল ক্লাসিকোতে হারের পর রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শেষই দেখে ফেলছেন অনেকে। কিন্তু বেনিতেজের উত্তরসূরি কে হবেন? দৃশ্যপটে জিনেদিন জিদান। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিভালদোও রিয়ালের কোচ হিসেবে দেখতে চান জিদানকে। তবে সব জল্পনার ইতি টেনে দিয়েছেন জিদান নিজেই। কাল জানিয়েছেন, রিয়ালের দায়িত্ব নেওয়ার জন্য এখনই তিনি প্রস্তুত নন।
খেলা ছাড়ার পর থেকে রিয়ালের সঙ্গে জড়িয়ে আছেন। দেড় বছর আগে যখন ক্লাবের রিজার্ভ দলের দায়িত্ব নেন, বোঝা যাচ্ছিল বার্নাব্যুর ডাগ-আউটে আসার প্রস্তুতি শুরু করেছেন। গত বছর ফ্রান্সের ক্লাব বোর্দোকে জড়িয়েও তাঁর নাম শোনা গিয়েছিল। তবে জিদান আপাতত রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দল কাস্তিয়ার দায়িত্বে আছেন। এখনই মূল দলের দায়িত্ব নেওয়ার জন্য তাড়াহুড়োও তাঁর নেই, ‘আমি কাস্তিয়ার কোচ আর বেনিতেজ প্রথম দলের। সবকিছু এ মুহূর্তে ঠিকই আছে। আমি কাস্তিয়ার হয়েই ক্লাবে দায়িত্ব পালন করে যেতে চাই।’
গত বছরও কোচ হওয়ার একটা গুঞ্জন উঠেছিল। জিদান সেটি মনে করিয়ে দিয়ে সবাইকে একটা বার্তা দিয়েছেন, ‘গত বছর মৌসুম শেষের পরও আমার মনে হয়েছিল প্রথম দলের দায়িত্ব নেওয়ার জন্য আমার কিছু একটার অভাব আছে। আমি একটু একরোখা। আমার যদি মনে হয় কোনো কাজ করতে পারছি না, আমি সেটার শেষ দেখতে চাই। খেলোয়াড় হিসেবেও যা করেছি, এখনো আমি একটু একটু করেই এগোতে চাই। তাড়াহুড়ো নেই। আরও অনেক পথ বাকি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নিজের প্রতিদিনের কাজটা উপভোগ করা। কাস্তিয়াতে সেটা আমি করছি।’
কিন্তু বেনিতেজ কি এ-যাত্রা রক্ষা পাবেন? স্প্যানিশ প্রচারমাধ্যমের দাবি, রিয়ালের অন্তত পাঁচজন খেলোয়াড় বেনিতেজের ব্যাপারে অনাস্থা জানিয়েছেন। স্প্যানিশ রেডিও কোপে অবশ্য জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষ এখনো এই কোচের পক্ষে আছে। এএফপি, ইএসপিএন।