এখনই বিশ্বকাপে চোখ ব্রাজিলের নতুন নায়কের

২০০৯ সালে ছিলেন জীবনের সেরা ফর্মে। ৫৬ ম্যাচে করেছিলেন ৪২ গোল। হোক না সেটা ব্রাজিলের ঘরোয়া ফুটবলে। জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ছিলেন বিশ্বকাপের প্রাথমিক দলের সাত বিকল্প খেলোয়াড়ের তালিকাতেও। কিন্তু শেষ পর্যন্ত ২০১০ বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাননি। আর গত বিশ্বকাপে লুইস ফেলিপে স্কলারি তো পাত্তাই দেননি একদম। কিন্তু ২৯ বছর বয়সে ক্যারিয়ারের নবজাগরণ ডিয়েগো তারদেল্লিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। গতকাল আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে নজর কাড়া এই স্ট্রাইকার এখন বলছেন, ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরে খেলতে চান।
দলে রবিনহোর মতো তারকা স্ট্রাইকার থাকলেও তাঁকেই ৯ নম্বর জার্সিটা দিয়েছেন দুঙ্গা। ব্রাজিলের কোচ হয়ে ফেরা বিশ্বকাপজয়ী অধিনায়কের ইঙ্গিতটা পরিষ্কার। তারদেল্লির ওপরই রাখতে চাইছেন আস্থা। সেই আস্থার প্রতিদান কাল দারুণভাবেই দিলেন। কিন্তু ২০১৮ এখনো চার বছরের দূরত্বে। তখন বয়সও হয়ে যাবে ৩৩। কিন্তু তারদেল্লির কাছে বয়স যেন স্রেফ একটা সংখ্যা!
অবশ্য আপাতত চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জোড়া গোলের আনন্দটাই তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান। বলেছেন, ‘এটা অন্য রকম অনুভূতি। এই অনুভূতির সঙ্গে আর কিছুর তুলনা চলে না। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে, সুপার ক্লাসিকোর মতো ম্যাচে প্রথম গোলটা ছিল ভীষণ আনন্দের। এরপর তো দ্বিতীয় গোলটাও এল। ভীষণ আনন্দ হয়েছিল আমার। এখন আমাকে জাতীয় দলের হয়ে ভালো খেলে যেতে হবে। ভালো খেলার জন্যই জাতীয় দলে আমাকে নেওয়া হয়েছে। আমার লক্ষ্যই হলো ব্রাজিলের হয়ে একটা বিশ্বকাপ খেলা। সেই স্বপ্নের পথে ভালোভাবেই শুরুটা হলো।’
আগামী মঙ্গলবার আবার আলো ছড়ানোর সুযোগ পাবেন তারদেল্লি। সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। সূত্র: গোলডটকম।