এখনই মেসির রাজত্ব হানা দিতে পারবেন না নেইমার

রোনালদিনহো থেকে লিওনেল মেসি। বার্সেলোনায় রাজত্বের হাতবদল হয়েছে এভাবেই। বিশ্বসেরার রাজত্বটাও। রোনালদিনহোর কাছ থেকে পুরো বিশ্বকে মোহিত করে রাখার ‘জাদুর কাঠি’টা নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের একটু রোষের ঝুঁকি নিয়ে বলে দেওয়া যায়, বর্তমান বিশ্বসেরাও মেসিই। কিন্তু মেসির পর কে? কার কাছে যাবে জাদুর কাঠিটা?
উত্তরটা ঠোঁটের আগায় চলে আসার কথা—নেইমার। অন্য অনেকের মতো বার্সেলোনা উইঙ্গার রাফিনহাও মনে করছেন, মেসির পর বিশ্বকে মাতিয়ে রাখবেন নেইমারই। ‘অন্য গ্রহের খেলোয়াড়’ মেসিকে এই মুহূর্তে বিশ্বসেরা মেনে নিয়ে স্বদেশি নেইমারকেই ফুটবলের ভবিষ্যৎ মানছেন রাফিনহা। তবে এই রাজত্ব বদল এখনই হবে না। মেসির মুকুট পেতে আরও অপেক্ষা করতে হবে নেইমারকে।
ইউরোপে এসেছেন তিন বছর হতে চলল। তবে নেইমার পুরোপুরি পাপড়ি মেলে ফুটতে শুরু করেছেন গত মৌসুম থেকে। এই মৌসুমে যেন আরও বেশি সুবাস ছড়াচ্ছেন সবুজ মাঠে। মেসি ও রোনালদোর সঙ্গে প্রথমবারের মতো এই বছরের ব্যালন ডি অরের সেরা তিনে মনোনীত হয়েছেন। তবে সেরা তিনে উঠে এলেও মেসিকে টপকে বিশ্বসেরা হতে নেইমারকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন রাফিনহা। এবার ১১ জানুয়ারিতে জুরিখের মঞ্চে পুরস্কারটা মেসির হাতেই যাবে বলে মনে করছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল খেলোয়াড় মাজিনহার তনয়।
গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগে রোমার সঙ্গে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে রাফিনহা। এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করছেন ব্রাজিলে। সেখানেই শীর্ষস্থানীয় দৈনিক ও গ্লোবোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাফিনহা। ব্যালন ডি অরে কাকে সমর্থন দিচ্ছেন এমন প্রশ্নে ২২ বছর বয়সী উইঙ্গার বললেন, ‘নেইমারের অনেক বড় ভক্ত আমি। তবে এটা মানতেই হবে মেসি অন্য গ্রহ থেকে এসেছে।’
এই ‘অন্য গ্রহের’ খেলোয়াড়ের হাতে এবারের ব্যালন ডি’অর দেখছেন রাফিনহা। তবে ভবিষ্যতে সেটি স্বদেশি নেইমারের কাছে যাবে জানিয়ে বললেন, ‘ভবিষ্যতে নেইমারই বিশ্বের সেরা খেলোয়াড় হবে। তবে এই মুহূর্তে সেটি মেসি।’