প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এল ক্লাসিকো নিয়ে এত দিন হয়তো উরুগুইয়ান প্রচারমাধ্যমের খুব বেশি যেত-আসত না। কিন্তু এবার ক্লাসিকো কেন, স্প্যানিশ লিগ নিয়েই উরুগুইয়ান আগ্রহের অন্ত নেই। উরুগুয়ের সন্তান লুইস সুয়ারেজ যে খেলছেন বার্সেলোনায়, আর তাঁর অভিষেক হলো সেদিন ক্লাসিকোতে। আগ্রহটা তাই স্বাভাবিকই। তবে উরুগুইয়ানদের শ্যেনদৃষ্টি ছিল সেদিন সুয়ারেজের ওপর। তা মন্দ করেননি এই স্ট্রাইকার, নেইমারের গোলের পাসটা তো তিনিই দিয়েছিলেন। সুয়ারেজের আরেকটি ক্রস থেকে মেসি গোল করতে পারলে ফলটা অন্য রকমও হতে পারত। কিন্তু উরুগুয়ের দৈনিক এল পাইস হতাশ অন্য কারণে। সুয়ারেজ মেসি ও নেইমারকে পাস দিলেও উল্টোটা কমই হয়েছে। পত্রিকাটি লিখেছে, মেসি সুয়ারেজকে একটা পাসও দেননি। বার্সেলোনায় খাপ খাওয়াতে পারবেন কি না সেটা নিয়েই তাদের সংশয় এখন। কিন্তু মাত্র একটা ম্যাচ দেখে কি এত কিছু বলে ফেলা যায়? মার্কা।