এখনই শেষ দেখছেন গার্দিওলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চটকদার শিরোনাম করতে চাইলে বলা যেত, ‘এ কী বললেন পেপ গার্দিওলা!’
কিন্তু খবরটাই এতটা চমক-জাগানিয়া, বাড়তি মসলার এতে কোনো দরকারই নেই। গার্দিওলা এখনই কোচিং ক্যারিয়ারের শেষের ধ্বনি শুনতে পাচ্ছেন—এটিই তো বড় চমক!
ব্যাপারটা কাঁচা ফুলের সকালবেলাতেই ঝরে পড়ার মতো! গার্দিওলার নিজের বয়সই এখনো মাত্র ৪৫, আর ১৪ দিন পর পা দেবেন ৪৬-এ। কোচিং ক্যারিয়ারের বয়সও ‘নৈবচ’—মাত্র আট বছর। অথচ এখনই দূরে বিদায়ঘণ্টাটা শুনতে পাচ্ছেন গার্দিওলা! যুক্তরাষ্ট্রের টিভি স্টেশন এনবিসিতে সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটি কোচ বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে হয়তো তিন বছর বা এর কিছু বেশি সময় থাকব। তবে আমি কোচ হিসেবে ক্যারিয়ারের শেষের দিকে এগোচ্ছি। এ ব্যাপারে আমি নিশ্চিত।’
এখনো কোনো ক্লাবে তিন-চার বছরের বেশি থাকেননি গার্দিওলা। বার্সেলোনায় চার বছর, বায়ার্ন মিউনিখে তিন। সিটিতেও চুক্তিটা তিন বছরের। এরপরই কি শেষ? সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন সময়ের অন্যতম সেরা কোচ, ‘যখন ম্যাচ জিতি, অনেক ভালো লাগে। এক গ্লাস ওয়াইন নিয়ে সেটা উপভোগও করি। পাশাপাশি এই ভাবনাটাও তখন আসে, এর পরের ধাপে আরও ভালো কিছু করা যায় কি না? যদি মনে হয় সম্ভব নয়, তাহলে আর থাকব না। সেই মুহূর্তেই মনে হবে, ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছি।’ ভাবনাটা নাকি এরই মধ্যে শুরুও হয়ে গেছে, ‘মনে হচ্ছে, আমার ক্যারিয়ারের শেষের শুরু হয়ে গেছে। ৬০-৬৫ বছর বয়স পর্যন্ত আমি কোচিং করাব না।’
মাত্র আট বছরের ক্যারিয়ারে ২১টি ট্রফি জিতেছেন। বার্সেলোনায় ‘স্বপ্নযুগে’র পর বায়ার্নে জিতেছেন টানা তিনটি লিগ শিরোপা। এখন সিটিতে চ্যালেঞ্জ, ক্লাবটিকে ইতিহাসের অংশ করা। তবে এত এত চ্যালেঞ্জে ক্লিষ্ট গার্দিওলা যেন দিনের শুরুতেই হয়ে পড়েছেন ক্লান্ত পাখির মতো, যে গুনছে নীড়ে ফেরার ক্ষণ। বিবিসি, ইএসপিএন।