এখনই শেষ দেখছেন না এমিলি

কোনো উৎকণ্ঠা নেই, যেন কিছু হয়নি বা হতে যাচ্ছে না। জাতীয় দল থেকে এ মুহূর্তে বাদ পড়লে কোনো প্রশ্ন না তুলেই মেনে নেবেন জাহিদ হাসান এমিলি!
সাফের ব্যর্থতা তদন্তে গঠিত কমিটি আরও কয়েকজনের সঙ্গে এমিলিকেও জাতীয় দল থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে বাফুফের কাছে। মূলত ফিটনেসের অভাবই তাঁর খাতায় ফেলেছে লাল কালি। ফিটনেস ফেরানোর কোনো চেষ্টাও নাকি এমিলির মধ্যে খুঁজে পায়নি তদন্ত কমিটি। এটাও তাঁর নম্বর কমিয়ে দিচ্ছে।
সাফ ফুটবলে অবশ্য তিনি খেলেননি। হাঁটুর চোট কাটিয়ে উঠে ফিরতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। বঙ্গবন্ধু গোল্ড কাপে তাঁকে দলে রাখা হলেও এক মিনিটের জন্যও মাঠে নামানো হয়নি। ফিটনেস না থাকায় কোচ তাঁকে বেঞ্চেই বসিয়ে রাখেন।
ফুটবলে শারীরিকভাবে অসমর্থ খেলোয়াড়ের জায়গা নেই, তা যত বড় খেলোয়াড়ই হোন। প্রশ্নটা তাই উঠছেই, ফিটনেস নিয়ে প্রশ্ন থাকার পরও এমিলি বঙ্গবন্ধু গোল্ড কাপের দলে থাকলেন কীভাবে? এমিলি নিজেই বা কেন সরে দাঁড়ালেন না? প্রশ্নটা শুনে তাঁর জবাব, ‘ভেবেছিলাম বদলি হিসেবে হলেও কিছু সময় খেলতে পারব। পজিটিভ চিন্তা নিয়েই গিয়েছিলাম। তবে আমার শতভাগ ফিটনেস ছিল না, এটা সত্যি।’
ফিটনেস ফিরে পেতে তাঁর আন্তরিকতার ঘাটতি নিয়ে তদন্ত কমিটির তোলা প্রশ্নটাই সবচেয়ে বড়। তবে তা মানতে রাজি নন তর্কযোগ্যভাবে প্রায় এক দশক ধরে বাংলাদেশের সেরা স্ট্রাইকারের, ‘চেষ্টা করেছি, চোটের ধাক্কাটা কাটিয়ে উঠতে। কিন্তু পারিনি। এটাকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।’ কিন্তু অনেকে নেতিবাচকভাবে দেখছেন। ‘এমিলি শেষ’ বলে ফিসফাসটাও ক্রমশ জোরালো হচ্ছে। সাফ ফুটবলে ব্যর্থতা নিয়ে গঠিত তদন্ত কমিটি তাঁদের বিবেচনায় নিয়েছেন বঙ্গবন্ধু গোল্ড কাপকেও। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের সঙ্গে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ দলের দলনেতা আজমল আহমেদের দেওয়া প্রতিবেদনেও তাঁকে বাদ দেওয়ার সুপারিশ এসেছে। দুটি সুপারিশের ভিত্তিতে মনে হচ্ছে, আপাতত এমিলি বাদই পড়তে যাচ্ছেন। তবে দল থেকে বাদ পড়ার সম্ভাবনায় যেমন হা-হুতাশ করার কথা, এমিলির মধ্যে সেটির ছিটেফোঁটাও নেই।
বরং শান্ত গলায় বললেন, ‘জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আমাকে না ডাকলেও সমস্যা নেই। ফিটনেস পুরো নেই বলে আপাতত বাদ দিতে চাইলে দিতে পারে।’ তবে এরপর জাতীয় দলে ফিরতে চাওয়ার কথাটা বললেন জোর দিয়েই। ফেরার পথটা জানা বলে আত্মবিশ্বাসীও হতে চান, ‘দ্রুতই পুরো ফিট হয়ে যাব ও ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করে ফিরব জাতীয় দলে। ওখানে ভালো পারফর্ম করলে তো বাদ দিতে পারবে না। তারপরও বাদ দিলে বুঝতে হবে অন্য কারণ আছে।’
২৯ বছর এমন কোনো বয়স নয়। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের জন্য তো অবশ্যই নয়। এমিলিও তেমনই মনে করেন, ‘এখনই আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার প্রশ্নই আসে না। আরও অন্তত চার-পাঁচ বছর জাতীয় দলে খেলে তার পর বিদায় নেব।’
খেলোয়াড় হিসেবে এই আকাঙ্ক্ষা তাঁর থাকতেই পারে। তবে এটাও সত্যি, ২০০৫ করাচি সাফে ভারতের বিপক্ষে দারুণ এক গোল করে পাদপ্রদীপের আলোয় আসা সেই তরুণের বয়স আর অভিজ্ঞতাই বেড়েছে শুধু। পারফরম্যান্সের ধার সেভাবে বাড়েনি। গত এক দশকে ৬০টির মতো আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ১৭-১৮টি।
জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন গত সেপ্টেম্বরে, ঢাকায় জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। সেই থেকে গত ১১টি ম্যাচে বাইরে থাকা এমিলির দাবি, ‘বঙ্গবন্ধু গোল্ড কাপে আমি খেললে দল ফাইনালে যেতে পারত।’ সত্যি তা যেতে পারত কি না, এটা তো আর নিশ্চিত করে বলার উপায় নেই। তবে শাখাওয়াত রনি বা নাবিব নেওয়াজ জীবন সুযোগ পেলেও নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেননি। এমিলি তাই নিরুদ্বেগ, ‘মনে হয় না, কেউ আমার জায়গা নিতে পারবে। আমি ফিরবই।’ শেষ কথাটাকে এমিলির আত্মবিশ্বাসের প্রমাণ হিসেবে ধরতে পারেন। আবার বাংলাদেশের ফুটবলে প্রতিভার আকালের প্রমাণ হিসেবেও।