এখনই সরে দাঁড়াবেন না ব্ল্যাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার

মসনদ থেকে সরে দাঁড়াতে চেয়েছেন সামনের ফেব্রুয়ারিতে। তবে সেপ ব্ল্যাটার বিদায়টা যেমন চেয়েছিলেন, সে রকম না-ও হতে পারে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পর এই সপ্তাহেই ব্ল্যাটার ফিফা থেকে নিষিদ্ধ হতে পারেন বলেই আভাস। তবে ব্ল্যাটার কাল জানিয়ে দিয়েছেন, সভাপতির পদ থেকে এ মুহূর্তে সরে দাঁড়াচ্ছেন না। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। আর পরবর্তী সভাপতি হিসেবে যাঁর নাম শোনা যাচ্ছিল, সেই মিশেল প্লাতিনিকেও ফিফার পরবর্তী সভাপতি হিসেবে দেখার সম্ভাবনাটা কমে যাচ্ছে।
তিন দিন আগে অভিযোগ উঠেছিল, ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে প্লাতিনির সঙ্গে একটা আর্থিক লেনদেন হয়েছিল ব্ল্যাটারের। সুইস তদন্ত কর্মকর্তাদের অভিযোগ, তাতে ফিফার স্বার্থ রক্ষিত হয়নি। তবে ব্ল্যাটার কাল ফিফার কর্মীদের কাছে বলেছেন, তিনি অন্যায় কিছু করেননি।
প্লাতিনিকে ‘অজ্ঞাত’ একটা প্রকল্পের জন্য ২০ লাখ ডলার দেওয়ার অভিযোগ তো আছেই, ব্ল্যাটারকে আরও কিছু প্রশ্নের জবাব দিতে হচ্ছে। ২০০৫ সালে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের কাছে বিশ্বকাপের টিভিস্বত্ব বিক্রির অনিয়মেও ব্ল্যাটারের নাম এসেছে। এরই মধ্যে তখনকার কনক্যাকাফ সভাপতি জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ। আর সুইস প্রচারমাধ্যমও ব্ল্যাটারের বিদায়কে আসন্নই ধরে নিচ্ছে। সুইস দৈনিক জুরখার জেইটুং লিখেছে, ‘ব্ল্যাটারের যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত। এখন তাঁকে জাহাজ থেকে নেমে পড়তে হবে।’
ব্ল্যাটারের সঙ্গে বোধ হয় প্লাতিনিও জালে আটকেছেন। বাজিকর প্রতিষ্ঠান উইলিয়াম হিলের হিসাবে কিছুদিন আগেই প্লাতিনির পক্ষে বাজির দর ছিল ১১: ১০। কিন্তু ব্ল্যাটারের সঙ্গে আর্থিক অনিয়মের কেলেঙ্কারিতে জড়ানোর পর সেটা কমে দাঁড়িয়েছে ১: ৩। তার মানে প্লাতিনির ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনা প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। উইলিয়াম হিলও জানিয়ে দিয়েছে, উয়েফা সভাপতি এখন আর ‘ফেবারিট’ নন।
প্রশ্ন উঠতেই পারে, প্লাতিনির পক্ষে পুরো ইউরোপ তো বটেই, এশিয়া-আফ্রিকার অনেক দেশেরও সমর্থন আছে। কেউ তো সেটা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়নি। কিন্তু সুইস তদন্ত কর্মকর্তারা তো আছেনই, এর মধ্যে ফিফার নৈতিকতা কমিটিও ব্যাপারটা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে। তাতে যদি প্লাতিনির সামান্য ত্রুটিও পাওয়া যায়, ফিফা সভাপতি নির্বাচনে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে অনেকের মনেই দুটি প্রশ্ন আসতে পারে। প্লাতিনি যদি নিষিদ্ধই হন, ব্ল্যাটারের উত্তরসূরির দৌড়ে তাহলে কে এগিয়ে থাকবেন? আর ব্ল্যাটার যদি এখনই নিষিদ্ধ হন, ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন সভাপতি কে হবেন? প্রিন্স আলী, চুং মুং-জুন, জিকোসহ অনেকেই সভাপতি পদে প্রার্থিতার কথা জানিয়েছেন। কে জানে, হয়তো নতুন আরও কেউ যোগ দেবেন দৃশ্যপটে। আর ব্ল্যাটারকে যদি এর মধ্যেই সরে যেতে হয়, তাহলে সর্বজ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে ফিফার সর্বোচ্চ পদ ক্যামেরুনের ইসা হায়াতুরই নেওয়ার কথা। এএফপি।