এখনো আশা আছে প্লাতিনির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতদৃষ্টিতে দেখলে সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন, সর্বোচ্চ ক্রীড়া আদালতে সেটা প্রত্যাহার হলেই শুধু ফিফা সভাপতি পদে নির্বাচন করতে পারবেন মিশেল প্লাতিনি। এর মধ্যে সেপ ব্ল্যাটার দুদিন আগে রাশিয়া বিশ্বকাপ নিয়ে নতুন করে বোমা ফাটিয়েছেন। তবে কাল ফিফার নির্বাহী কমিটির সদস্য শেখ আহমাদ আল সাবাহ যা বললেন, তাতে প্লাতিনি একটু আশার আলো দেখতেই পারেন!
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য শেখ আহমাদ ফিফার সবচেয়ে প্রভাবশালী সদস্যদের একজন। এএফসি সভাপতি শেখ সালমান তাঁর পরামর্শেই সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে ধারণা করা হয়। শেখ আহমাদ কাল প্লাতিনির পক্ষেই কথা বললেন, ‘আমি প্লাতিনির সমর্থক ছিলাম, এখনো আছি। আমি ভালোমতোই জানি, তিনি নির্দোষ, কিন্তু কীভাবে তিনি সেটি প্রমাণ করবেন জানি না। তিনি ওই লেনদেনের (ব্ল্যাটারের সঙ্গে ৬৭ লাখ ডলারের) সব করও শোধ করেছেন, কিছু গোপনও করেননি। কিন্তু প্রক্রিয়াতেই সমস্যা। তিনি যদি শেষ পর্যন্ত দাঁড়াতে পারেন, তাহলে তাঁকে আমরা সমর্থন দেব। শুরু থেকেই তিনি এই সংস্থার সভাপতি হবেন, এটাই কথা ছিল।’ এরপর যেটা বলেছেন, সেটাই আসলে প্লাতিনিকে বেশি করে আশার আলো দেখায়, ‘আমার মনে হয় প্লাতিনি শেষ পর্যন্ত থাকলে শেখ সালমান প্রার্থিতা প্রত্যাহার করবে। আরও অনেকেই করবে বলে আমার ধারণা।’
কিন্তু ফিফার নৈতিকতা কমিটির ৯০ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে কি শেষ পর্যন্ত প্রার্থী হতে পারবেন? প্লাতিনি নিজে এখনো দারুণ আশাবাদী, ‘খুবই বিনয়ের সঙ্গে বলছি আমিই বিশ্ব ফুটবলকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য লোক।’ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেছেন, ‘কিছু মানুষ চান না আমি নির্বাচনে দাঁড়াই, কারণ তাঁরা জানেন আমার জেতার সম্ভাবনা অনেক বেশি। আমার মনে হয় তাঁরা সাবেক কোনো খেলোয়াড়কে ফিফায় দেখতে চান না, তাঁরা চান না খেলাটা ফুটবলারদের হাতে থাকুক। কিন্তু ফুটবলকে নিয়ে দূরদৃষ্টি একমাত্র আমারই আছে।’
এখন আপিলে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেই হয়! এএফপি, রয়টার্স।