এখনো আশায় টটেনহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, প্রিমিয়ার লিগের শিরোপা এখন চেলসির হারানোর, কারও পাওয়ার নয়। পরশু চেলসির কাছেই হারের পর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও বলেছেন, অন্য দলগুলোকে এখন চেলসির ভুলের আশায় বসে থাকতে হবে। তবে এই দুজনের মতো এখনো হাল ছেড়ে দেননি মরিসিও পচেত্তিনো। লিগে চেলসির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে আছে তাঁর দল টটেনহাম হটস্পার। তবে শিরোপার আশা এখনো আছে আর্জেন্টাইন কোচের।
আশার কথা পচেত্তিনো জানিয়েছেনও বিশেষ এক দিনে। পরশু টটেনহামের কোচ হিসেবে শততম ম্যাচে ডাগআউটে বসেছেন ৪৪ বছর বয়সী কোচ। মিডলসবরোর বিপক্ষে ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে হ্যারি কেনের পেনাল্টিতে জেতে স্পাররা।
এ নিয়ে লিগে টানা ৯ ম্যাচে অপরাজিত লন্ডনের ক্লাবটি। এই ফর্মই হয়তো লিগ শিরোপার লড়াই চালিয়ে যাওয়ার আশা দেখাচ্ছে পচেত্তিনোকে, ‘নয় পয়েন্ট খুব বেশি কিছু নয়। মাত্র তিনটি ম্যাচেরই ব্যাপার, তবে সবকিছু এখন চেলসির হাতে। আমরা যা করতে পারি, নিজেরা চেষ্টা করে যেতে পারি, ম্যাচ জিততে পারি। সেটা প্রিমিয়ার লিগের জন্যও গুরুত্বপূর্ণ।’
লিগে বাকি ১৪ ম্যাচে নিজেদের করণীয়ও জানিয়ে দিলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচেই জেতার চেষ্টা করে যাওয়া আর চেলসির সঙ্গে ব্যবধানটা কমানো। সেটি কঠিন হবে, তবে ফুটবলে সব সময়ই বিশ্বাস ধরে রাখতে হয়।’ এএফপি।