এখনো দল ভাঙাগড়ায় সেন্টফিট
ভুটানে অগ্নিপরীক্ষা দিতে যাওয়ার পাঁচ দিন আগেও দল ভাঙাগড়ায় সময় কাটছে টম সেন্টফিটের। এখনো প্রশ্ন, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডটা কী হবে? একাদশটাই বা কেমন হতে পারে?
সেন্টফিট যদিও কাল দাবি করলেন, ‘একাদশের নয়-দশটি পজিশনের খেলোয়াড় মোটামুটি চূড়ান্ত। দু-একটি জায়গা নিয়ে একটু অনিশ্চয়তা আছে।’ কিন্তু সত্যিটা হলো, কোচ কারও ওপর আস্থা রাখতে পারছেন না। তাই যাঁর নাম শোনেন বা ৫ মিনিট খেলা দেখেন তাঁকেই ক্যাম্পে ডেকে আনেন। যেমনটা আনা হলো অনূর্ধ্ব-১৬ দলের দুই ফরোয়ার্ড সাদ ও নিপুকে। লিগের বেঞ্চ থেকে তুলে এনে এঁদের পরখ করতে চান জাতীয় দলের জন্য।
১০ অক্টোবর ভুটানের সঙ্গে বাঁচা-মরার লড়াই। হাতে সময় নেই জেনেও কোচ ৩৩ জনের সঙ্গে কাল আবার গোলরক্ষক মামুন খানকে যোগ করেছেন। এই অল্প সময়ে এত খেলোয়াড় ডেকে কখন দেখবেন? সেন্টফিট বলছেন, ‘সাদ ছাড়া বাকিদের কমবেশি দেখেছি। ২৫-২৬ জন খেলোয়াড় আমার আগের ক্যাম্পে ছিল। এখন এনামুল, এমিলি, ইয়াছিনদেরও দেখব। সমস্যা নেই, হাতে সময় যা আছে এর মধ্যেই দেখা হয়ে যাবে।’
সেই দেখার আশায় প্রথম দিনে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রথম দিনের অনুশীলনে এলেন মাত্র ১২ জন ফুটবলার। চোট কাটিয়ে আট মাস পর ফিরেছেন এমিলি। লিগে খেলার কারণে আজও সব খেলোয়াড় পাওয়া যাবে না। তার মানে দেখাটাও ঠিকভাবে হবে না। ৭ তারিখ বাংলাদেশ দল যাবে থিম্পু।
একটা অস্থিরতাই ঘিরে ধরেছে কোচকে। সে কারণেই কিনা গত ৬ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে ঘরের মাঠে এশিয়ান কাপের প্রথম প্লে-অফে বাজে ফর্মের কারণ দেখিয়ে বাদ দেওয়া মামুনুলকে নিজেই আবার ফিরিয়েছেন। অথচ বাদ পড়ার দিনই রেগেমেগে আগুন মামুনুল জাতীয় দল থেকেই অবসরের ঘোষণা দেন।
এ প্রসঙ্গ তুললে সেন্টফিট কাল অনুশীলন শেষে ছাতা ধরলেন মামুনুলের ওপর, ‘ফেডারেশনে সে অবসরের চিঠি দেয়নি। সাংবাদিকদের হয়তো বলেছে আর তাঁরা তা লিখে দিয়েছেন।’ দোষটা এখন সাংবাদিকদের! ওদিকে ডাক পেয়ে মামুনুল ফিরতে আগ্রহী, ‘ভুটানের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। দেশের কথা ভেবে ক্যাম্পে আসার চিন্তা আছে।’
দল ভাঙাগড়ার খেলায় মামুনুলকে যেমন ক্যাম্পে ডেকেছেন, তেমনি চমক হিসেবে বাদ দিয়েছেন জামাল ভূঁইয়াকে। জামালকে ভাবা হয় গত তিন বছরে বাংলাদেশ দলে সবচেয়ে ধারাবাহিক পারফরমার। সেই তাঁকে বাদ দেওয়ায় অনেকে অবাক। তবে কোচ অবাক নন, ‘আমি প্রথমত দেখছি লিগের পারফরম্যান্স। দ্বিতীয়ত আমার অধীনে জাতীয় দলের পারফরম্যান্স এবং ভুটান ম্যাচের জন্য আমার কৌশল। কোনোটিই জামালের পক্ষে যায়নি।’ লিগে জামালের পারফরম্যান্স খারাপ বলছেন কোচ, তবে বাস্তবতা হলো ৩৩ জনের প্রাথমিক দলের বেশির ভাগ খেলোয়াড়েরই অবস্থা খারাপ।
ধারাবাহিকতা দূরের কথা, অনেক খেলোয়াড়ের সময় কাটে বেঞ্চে। তাই কোচের চোখ নতুন কিছু খোঁজে। সেই নতুনের ডাকে আগেরবার উপেক্ষিত চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার ইব্রাহিমকে এবার ডেকেছেন সেন্টফিট। তবে ডাকেননি লোপেজ ও ডি ক্রুইফের পছন্দের দুই স্ট্রাইকার জীবন ও তূর্যকে। নাসির, ওয়ালীকে তো ছেঁটে ফেলেছেন আগেই।
এভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছেই। ঘন ঘন কোচ বদল হওয়ায় বাংলাদেশ জাতীয় দলটা এখন যেন এক গিনিপিগ!