এখনো পাওনা টাকার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ কবেই। বর্ষপঞ্জি অনুযায়ী পরবর্তী লিগ শুরু হতে দুই মাসও নেই। অনেক ক্লাব দল গোছাতে শুরু করে দিয়েছে অনেক আগেই। অথচ খেলোয়াড়দের কেউ কেউ এখনো বিসিবির দুয়ারে ঘুরছেন গত প্রিমিয়ার লিগের পাওনা টাকার জন্য।

কাল দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন শেখ জামাল ধানমন্ডির মার্শাল আইয়ুব, শফিউল ইসলাম, সোহাগ গাজী ও জাভেদ হোসেন। পাওনা টাকা পেতে তাঁদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। তাঁর পরামর্শ অনুযায়ী সেটি করেছেনও খেলোয়াড়েরা। মার্শাল বলছেন, ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে, ‘আরেকটি প্রিমিয়ার লিগ এসে যাচ্ছে, এখনো আমাদের ৪০ শতাংশ টাকা বাকি। সিইও জানিয়েছেন, ক্লাবের সভাপতির সঙ্গে কথা বলতে। আমরা যোগাযোগ করেছি। ক্লাব কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে কয়েক দিনের মধ্যে দিয়ে দেবে।’

 শেখ জামালই নয়, এখনো খেলোয়াড়দের পুরো পারিশ্রমিক দেয়নি ভিক্টোরিয়া ও ব্রাদার্স। বিসিবি আর ক্লাব কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়ে এই দুই ক্লাবের খেলোয়াড়েরা পেয়েছেন ৫০-৬০ শতাংশ পর্যন্ত টাকা।