টুর্নামেন্টটা কি ১৬ জানুয়ারি শুরু হচ্ছে? ষষ্ঠ দল কারা? জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ, না জার্মানির কোচিং স্টাফ?
বাফুফে ভবনে কয়েক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। কিন্তু এগুলোর সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। অথচ পূর্বঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি বঙ্গবন্ধু কাপ শুরু হলে সময় মাত্র দুই সপ্তাহ। মাঝখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একবার ইঙ্গিত দিয়েছিলেন, কয়েক দিন পেছাতে পারে টুর্নামেন্ট। কিন্তু মুখে কিছু বলছেন না।
এ সংক্রান্ত একটি প্রশ্ন কাল সালাউদ্দিনের দিকে ছুটে গেলে তিনি একটু ক্রুদ্ধ হয়েই বললেন, ‘আমি তো প্রেস রিলিজ দিয়ে বলিনি বঙ্গবন্ধু কাপ ১৬ জানুয়ারি শুরু হবে।’ এ কথায় বোঝা যায়, টুর্নামেন্ট পেছাতে পারে। তবে পেছালেও তা নাকি দু-এক দিনের জন্য। কিন্তু অবস্থাদৃষ্টে মনে তো হচ্ছে না ১৭ বা ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু কাপ শুরুর প্রস্তুতি আছে বাফুফের।
ওদিকে সালাউদ্দিন কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় এএফসির কংগ্রেসে যোগ দিয়ে ঢাকায় ফিরে ১২ জানুয়ারি চূড়ান্তভাবে সবকিছু জানাবেন তিনি। টুর্নামেন্ট শুরুর চার দিন আগে সবকিছু চূড়ান্ত হওয়া মানে এখনো তৈরি হতে পারেনি বাফুফে। ডি ক্রুইফ ৩ জানুয়ারি আসবেন বলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য তাবিথ আউয়াল গত কয়েক দিন আড়ালে-আবডালে প্রচার চালিয়েছেন। কিন্তু কাল জানা গেল ক্রুইফ এলেও আরও ছয়-সাত দিনের আগে নয়। শর্তাবলি নিয়ে তাঁর সঙ্গে আগে আলোচনা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।
একই সঙ্গে স্টাফসহ জার্মানির একাধিক কোচের সঙ্গে কথা চলছে। শেষ পর্যন্ত ক্রুইফ না জার্মান কোচ বলা মুশকিল। তবে একটি সূত্রের দাবি, ক্রুইফের আসা পেছানো মানে জার্মান পাল্লাটা এখন ভারী। ষষ্ঠ দল নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা। একবার শোনা যাচ্ছে নেপাল, আবার অন্য কোনো দল। সব মিলিয়ে বহুকাঙ্ক্ষিত বঙ্গবন্ধু কাপ শুরু করতেই বেশ বেগ পেতে হচ্ছে বাফুফেকে।