এখনো আশা দেখছেন মেসি

যেতে যেতে একেবারে খাদের কিনারায় চলে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের টানা চার ম্যাচে জয় নেই, হারতে হয়েছে পরপর দুই ম্যাচে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এখন আর্জেন্টিনা ছয়ে, বিশ্বকাপে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত পাঁচের মধ্যে থাকতেই হবে। কিন্তু চার দিন পর ব্যর্থতার ওই আবর্ত থেকে কি আর্জেন্টিনা বেরোতে পারবে?
সে জন্য যাঁর দিকে আর্জেন্টিনা তাকিয়ে আছে, তিনি এখনো আশা ছাড়ছেন না। লিওনেল মেসির জিয়নকাঠি যে আর্জেন্টিনার খুব করেই দরকার। বিশ্বকাপ বাছাইপর্বে কাল অবশ্য প্রথম তিক্ত অভিজ্ঞতা হলো মেসির। আগে যতগুলো ম্যাচ খেলেছিলেন, একটিতেও হার দেখতে হয়নি। ব্রাজিলের সঙ্গে পরাজয় বাদ দিলে আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ পরাজয়ও সেই ১৭ ম্যাচ আগে। কিন্তু কাল মেসিকে বলতে গেলে বোতলেই পুরে রেখেছিলেন ব্রাজিলের ডিফেন্ডাররা। কলম্বিয়ার সঙ্গেও তেমন হলে আর্জেন্টিনার বিশ্বকাপ-স্বপ্ন প্রায় শেষই হয়ে যেতে পারে।
তবে মেসি এখনো আশা দেখছেন, ‘আমরা হেরে গেছি, তবে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আমাদের এখন সব ভুলে শুধু কলম্বিয়ার সঙ্গে ম্যাচে মনোযোগ দিতে হবে। ওই ম্যাচটা আমরা জিততে পারলে পরিস্থিতিটা অনেকটাই বদলে যাবে।’
কিন্তু ওই ম্যাচে দল সাজানোর দায়িত্ব যাঁর ওপর, তিনি নিজেই যে ব্রাজিলের পরাজয়ের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। দায়িত্ব নেওয়ার পর থেকে এদগার্দো বাউজার দুঃস্বপ্ন যেন আর শেষ হচ্ছে না। একের পর এক হোঁচটে আর্জেন্টিনার কোচের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বাউজা স্বীকার করলেন, এভাবে হারতে হবে ভাবেননি, ‘ম্যাচটা ৩-০ ব্যবধানে হেরে যাব ভাবিনি। ভেবেছিলাম, আমাদের সমানে সমানে লড়াই করতে হবে, কিন্তু এই হার মেনে নেওয়া কঠিন। ওরা দ্বিতীয় গোলটা করার পরেই আসলে খেলা শেষ হয়ে গেছে।’
তবে আপাতত এসব ভুলেই বাউজাকে ছক কষতে হবে পরের ম্যাচের। সেটিতেও হোঁচট খেলে হয়তো তাঁর বিদায়ঘণ্টাই বেজে যাবে!