এখনো কি ক্ষমা চাইতে বলবেন ফন গাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেডে সময় ফুরিয়ে আসছে ফন গালের।  ছবি: রয়টার্স
ইউনাইটেডে সময় ফুরিয়ে আসছে ফন গালের। ছবি: রয়টার্স

সংবাদমাধ্যমকে ক্ষমা চাইতে বলেছিলেন লুই ফন গাল। কিন্তু একদিন পরই কথাটি গিলে নিতে হচ্ছে ডাচ কোচকে। বাক্স-পেটরা গোছানো শুরুই করে দিতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউট থেকে সম্ভবত সরেই যেতে হচ্ছে তাঁকে। আজ স্টোক সিটির বিপক্ষেও যে হেরে বসেছে ইউনাইটেড। এ নিয়ে টানা চার ম্যাচ হারল ‘রেড ডেভিল’রা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে ইতিহাসকে সঙ্গী পেয়েছিল ইউনাইটেড। বড়দিনের পর দিন খেলা বলে কথা! টানা ১৯টি ‘বক্সিং ডে’ ম্যাচে যে হারেনি তারা। এর মধ্যে ১৮ ম্যাচেই জয় পেয়েছিল ইউনাইটেড। ফন গালের দলের জন্য তাই ইতিহাসের পুনরাবৃত্তির বড় দরকার ছিল। কিন্তু তা হবে কী করে! এই দল যে জিততেই ভুলে গেছে।
ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দেখা মিলেছে ইদানীংকালের ‘পরিচিত’ ইউনাইটেডের। সেই বিরক্তিকর সমন্বয়হীন ফুটবল, আক্রমণাত্মক ফুটবলের ছিটেফোঁটাও যেখানে নেই। দু-একটি আক্রমণের দেখা মিললেও ভালো স্ট্রাইকারের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না। উল্টো দিকে স্টোক সিটি খেলেছে দুর্দান্ত। প্রথম থেকেই গোছানো ফুটবল ও দুরন্ত গতির আক্রমণের মিশেলে ইউনাইটেড রক্ষণকে কাঁপিয়ে দিচ্ছিল তারা। ১৯ মিনিটে তার ফলও পেল স্বাগতিক দল। গ্লেন জনসনের আক্রমণে দিগ্ভ্রান্ত হয়ে মেম্ফিস ডিপাই নিজেদের রক্ষণে ব্যাক পাস করলেন ডি গিয়ার উদ্দেশ্যে। সেই পাস আর পৌঁছায়নি গোলকিপারের কাছে। জনসন বল দখলে নিয়ে দিলেন বোজান কিরকিচকে, আর প্রায় ফাঁকায় দাঁড়ানো বার্সার সাবেক স্ট্রাইকার সেটি জড়িয়ে দিলেন জালে।
গোল খেয়ে কোথায় তেড়েফুঁড়ে আক্রমণ করবে ইউনাইটেড, তা নয়, উল্টো তারা কোণঠাসা। ৯ মিনিট পরে ইউনাইটেড ডি-বক্সে ফ্রিকিক পেল স্টোক সিটি। বোজানের শট আটকা পড়লেও ফিরতি বলটি ঠিকই জালে পাঠিয়ে দিলেন অস্ট্রিয়ান মার্কো আর্নোতোভিচ। ৩৬ মিনিটে এই আর্নোতোভিচই সহজ সুযোগ হাতছাড়া না করলে ৩-০ করে ফেলত দলটি।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইউনাইটেড। ১৯৮৯ সালের পর ‘বক্সিং ডে’ ম্যাচে কখনো গোল না করে মাঠ ছাড়েনি ইউনাইটেড। বিরতির পর নিজেদের ফিরে পেয়েছিলেন ইয়ং, মার্শিয়াল, মাতারা। কিন্তু স্টোক সিটিও পাল্টা আক্রমণ চালিয়ে গেছে। ৬০ মিনিটেই প্রায় ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন আর্নোতোভিচ, কিন্তু নিজের দুই পায়ের মধ্যে তালগোল পাকিয়ে পড়ে যাওয়ায় হাঁপ ছাড়ে ইউনাইটেড। তার চার মিনিট পরেই ম্যাচের সেরা সুযোগ পায় ইউনাইটেড। ওয়েইন রুনির পাস থেকে পাওয়া মারুয়ানে ফেলাইনির সেই শট ফিরিয়ে দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা গোলকিপার জ্যাক বাটল্যান্ড। আর ম্যাচে ফেরা হয়নি ইউনাইটেডের।